নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মহসিন নামক একজন রোগী মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পরে ইন্টার্ন চিকিৎসকরা ওই ওয়ার্ডে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছে। তারা রোগীর তিন স্বজনকে আটকে রেখে পিটিয়ে আহত করে।

জানা যায়, মহসিন নামক ওই রোগী গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রামেক হাসপাতালের ৮নম্বর ওয়ার্ডে ভর্তি হন। আজ রোববার দুপুর ১টা বেজে ৪০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ ডাক্তারদের অবহেলায় মারা যান মহসিন আলী। এ নিয়ে মহসীন আলীর স্বজনদের সাথে ডাক্তারদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দলবল নিয়ে লাঠিসোটা ও অস্ত্র হাতে নিয়ে রোগীর স্বজনদের উপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানায়, ৮ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক এবং রামেক ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম অপুর সাথে হাতাহাতি হয় মহসীন আলীর ছেলে আনারুল ও বাবুর সাথে। এরপর দলবল নিয়ে লাঠসোটা হাতে তাদের উপর অতর্কিত হামলা করে অপুসহ তার দলবল। এতে মহসীনের স্ত্রী রাহেলা বেগম (৬৫)-র হাত ভেঙ্গে যায়, ছেলে বাবুর (৪০) মাথা ফেটে যায় এবং অপর ছেলে আনারুল(৩৫) জখম হন।
রোগীর স্বজনদের অভিযোগ, অবহেলায় রোগীর মৃত্যুর বিষয়ে ইন্টার্ন ডাক্তারদের সাথে কথা বলতে গেলে তারা হঠাৎ চড়াও হয়ে উঠে। এরপর হঠাৎ করে তারা দলবল নিয়ে এসে অতর্কিত হামলা চালায়।
ঘটনার পর ওই ওয়ার্ডে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যান্য রোগীর স্বজনেরা তাদের রোগীদের নিয়ে দিকবিদিক পালিয়ে যায়। পরে ওই ওয়ার্ডে চিকিৎসাসেবা বন্ধ করে দেয় ইন্টার্ন ডাক্তাররা।
পরে মহসিনের দুই ছেলেকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাদের আটক করে নগরীর রাজপাড়া থানায় নিয়ে যায়। আর ঘটনার পরে প্রাণভয়ে পালিয়ে যান মহসিনের স্ত্রী রাহেলা বেগম।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানাউল্লাহ জানায়, রোগী মারা যাওয়াকে কেন্দ্র করে ইন্টারনী ডাক্তারদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের দুই ছেলেকে আটক করা রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স/শ










