সিল্কসিটিনিউজ ডেস্ক :
ফ্রান্সের সামরিক বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, চীন বিভিন্ন দেশে তার দূতাবাসগুলোকে ভারত-পাকিস্তান যুদ্ধে ফ্রান্সের তৈরি রাফাল জেটের কর্মক্ষমতা নিয়ে সন্দেহ ছড়াতে নিযুক্ত করেছে। ফরাসি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) রবিবার এক প্রতিবেদনে আরো বলেছে, বেইজিং ফ্রান্সের তৈরি ফ্লাগশিপ যুদ্ধবিমানের খ্যাতি ও বিক্রি ক্ষতিগ্রস্ত করতে কাজ করছে।
ফরাসি কর্মকর্তারা দেখেছেন, ইন্দোনেশিয়াসহ যে দেশগুলো ইতিমধ্যে রাফাল কেনার জন্য ক্রয়াদেশ দিয়েছে তাদের চীনের তৈরি যুদ্ধবিমান বেছে নিতে রাজি করানোর মাধ্যমে চীনা দূতাবাসগুলো রাফাল বিক্রিকে নষ্ট করার চেষ্টা করছে। একজন ফরাসি সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্যগুলো জানিয়েছেন বলে এপির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মে মাসে চার দিনব্যাপী চলা ভারত-পাকিস্তান যুদ্ধ সাম্প্রতিক সময়কার পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্র দুটির মধ্যে সবচেয়ে গুরুতর সংঘর্ষ। এই যুদ্ধে উভয় পক্ষের কয়েক ডজনের বেশি যুদ্ধবিমান অংশ নেয়। পাকিস্তানি লক্ষ্যবস্তুতে বিমান হামলায় ভারতের ব্যবহৃত অস্ত্রের বিরুদ্ধে, বিশেষ করে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের বিরুদ্ধে পাকিস্তানের চীনা সামরিক যন্ত্রাংশ, বিশেষ করে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র কিভাবে কাজ করেছে সামরিক কর্মকর্তা ও গবেষকরা দীর্ঘ সময় ধরে তার বিশদ অনুসন্ধান করছেন।
রাফাল ও অন্যান্য সামরিক যন্ত্রাংশ বিক্রি ফরাসি প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বড় ব্যবসা, যেটি প্যারিসকে এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে সাহায্য করছে, যেখানে চীন প্রভাবশালী আঞ্চলিক শক্তি হয়ে উঠছে।
পাকিস্তান বলেছে, তাদের বিমানবাহিনী তিনটি রাফালসহ মোট পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর ফলে ফরাসি ডাসল্ট এভিয়েশনের কাছ থেকে যুদ্ধবিমান কিনেছে—এমন দেশগুলো তাদের কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে বলে জানিয়েছেন ফরাসি কর্মকর্তারা।
ভারত যদিও যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে। তবে নির্দিষ্ট করে কোনো সংখ্যা তারা জানায়নি।
ফরাসি বিমানবাহিনীর প্রধান জেনারেল জেরোম বেলাঙ্গার বলেছেন, তিনি মাত্র তিনটি বিমানের ক্ষতির প্রমাণ পেয়েছেন। এর মধ্যে একটি রাফাল, একটি রুশ সুখোই ও একটি পূর্ববর্তী প্রজন্মের ফরাসি জেট মিরাজ-২০০০। এটিই ফ্রান্সের আটটি দেশে বিক্রি করা রাফালের প্রথম ভূপাতিত হওয়ার ঘটনা। বেলাঙ্গার আরো বলেন,‘অবশ্যই যে দেশগুলো রাফাল কিনেছে তারা এটি নিয়ে প্রশ্ন তুলবে।’
ফরাসি কর্মকর্তারা বিমানটির সুনাম রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তারা অভিযোগ করেছেন, রাফালের নিন্দা মূলত পাকিস্তান ও তার মিত্র চীন থেকে অনলাইনে বিভ্রান্তিকর তথ্য প্রচারের একটি সম্মিলিত প্রচেষ্টা ছিল। অনলাইনে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর বিষয়ে ফরাসি গবেষকরা জানান, ভারত-পাকিস্তান সংঘর্ষের পর চীনা প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের গল্প ছড়িয়ে দিতে নতুন করে তৈরি হওয়া এক হাজারের বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট কাজ করেছে।
ফ্রান্সের সামরিক কর্মকর্তারা আরো জানিয়েছেন, তারা রাফাল নিয়ে অনলাইনে চালানো প্রচারণার সঙ্গে চীনা সরকারের সরাসরি সম্পর্ক পাননি। তবে ফরাসি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, চীনা দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তারা অন্যান্য দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠকে ভারতে রাফাল ভালো ফল করেনি বলে যুক্তি দিয়েছেন।
এদিকে এপির এক প্রশ্নের জবাবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফ্রান্সের দাবিগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব ও অপবাদ বলে দাবি করেছে।
সূত্র: কালের কণ্ঠ










