লাইফ স্টাইল

রান্নার তেল পুনরায় ব্যবহার স্বাস্থ্যঝুঁকির কারণ, সতর্কতা জরুরি

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মাছ, চপ বা অন্যান্য কিছু ভাজার পর বেঁচে যাওয়া তেল বারবার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএআই)। অনেক মানুষ ঘরেও পাঁপড় বা মাছ ভাজার পর বেঁচে যাওয়া তেল পরের দিন আবার রান্নায় ব্যবহার করেন। একই রকমভাবে রাস্তার খাবারের দোকানগুলোতেও খরচ বাঁচাতে পোড়া তেল দিয়ে একাধিক দিনের রান্না করা হয়।

এফএসএআই জানিয়েছে, বারবার উচ্চ তাপে ফোটালে তেলের রাসায়নিক উপাদান ভেঙে গিয়ে ট্রান্স ফ্যাট তৈরি করে।

ট্রান্স ফ্যাট শরীরে ঢুকলে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, যা উচ্চ রক্তচাপ, ধমনীতে চর্বি জমা এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া তেল বেশি পুড়লে এতে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকও তৈরি হয়। এই রাসায়নিক দীর্ঘ সময় ধরে শরীরে জমে ক্যান্সার কোষের বৃদ্ধি ও বিভাজন ঘটাতে পারে।
ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি) জানিয়েছে, রাস্তার অনেক ছোট দোকানে পোড়া তেল দিয়ে একাধিক দিনের রান্না হচ্ছে এবং সুরক্ষাবিধি যথাযথভাবে মানা হচ্ছে না।

এনএইচআরসি নির্দেশ দিয়েছে যে এ বিষয়ে কঠোর নজরদারি ও নির্দেশিকা জারি করা হোক।
এফএসএআই পুনরায় সতর্ক করেছে, বেঁচে যাওয়া তেল পুনঃব্যবহার এড়ানো, রান্নায় মানসম্মত তেল ব্যবহার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি, যাতে দীর্ঘমেয়াদে হৃদরোগ, স্ট্রোক বা ক্যান্সারের মতো সমস্যা থেকে নিজেকে রক্ষা করা যায়।

সূত্র : আনন্দবাজার