লাইফ স্টাইল

রাতের খাবার খেয়েই ঘুমাতে যান? যে কাজ না করলে হতে পারে বিপদ

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাতের খাবার খাওয়ার পরই অনেক সময়ই শরীরে ক্লান্তি অনুভূত হয়। আর তখন শুধু মাথায় দ্রুত শুয়ে পড়ার কথা আসতে থাকে। সেই কারণে সকালে অনেকে ব্রাশ করলেও রাতে তা বেমালুম ভুলে যান। কিন্তু রাতে দাঁত ব্রাশ না করা শুধু ছোট সমস্যার কারণই নয়, এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকিও তৈরি করতে পারে।

সাধারণত আমরা কেবল দাঁতের ক্যাভিটি নিয়েই ভেবে থাকি। তবে এর প্রভাব হৃদরোগের মতো মারাত্মক সমস্যা পর্যন্ত হতে পারে। চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক—

বিশেষজ্ঞদের মতে, রাতে দাঁত ব্রাশ না করা শরীরের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। ঘুমানোর আগে দাঁত ব্রাশ না করলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।

মুখের স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হৃদরোগের বিরুদ্ধে সুরক্ষামূলক ভূমিকা রাখতে পারে।
রাতে ব্রাশ না করলে কী হয়

চিকিৎসকরা বলেছেন, রাতে দাঁত ব্রাশ না করলে শুধু ক্যাভিটির ঝুঁকি বাড়ে না, বরং এটি আরো বিপজ্জনক হতে পারে।

২০২৩ সালের একটি গবেষণা অনুযায়ী, মুখের স্বাস্থ্য খারাপ হওয়া হৃদরোগ ও হার্ট ফেইলিউরের সঙ্গে সম্পর্কিত।

রাতে ব্রাশ না করলে মুখের ব্যাকটেরিয়া রাতভর থাকে, যা রক্ত প্রবাহে ঢুকে প্রদাহ সৃষ্টি করে এবং সময়ের সঙ্গে হার্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাতে ব্রাশ না করা সরাসরি হৃদরোগের কারণ নয়। এটি কেবল একাধিক ঝুঁকির মধ্যে একটি এবং সময়ের সঙ্গে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যারা নিয়মিত দাঁত ব্রাশ করেন, তাদের হার্ট সাধারণত বেশি স্বাস্থ্যবান থাকে। দিনে অন্তত তিনবার দাঁত ব্রাশ করা এবং নিয়মিত ডেন্টাল ক্লিনিং করানো হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

পাশাপাশি এটি দাঁতের অন্যান্য সমস্যা, যেমন মাড়ির রোগ বা দাঁত পড়ে যাওয়া কমাতে সাহায্য করে। তাই মৌখিক স্বাস্থ্য বজায় রাখা হলো হার্টকে সুরক্ষিত রাখার সবচেয়ে সহজ ও কার্যকর উপায়গুলোর মধ্যে একটি।

রাতে দাঁত ব্রাশ করা কেবল মুখের স্বাস্থ্য নয়, সমগ্র শরীরের স্বাস্থ্যকে প্রভাবিত করে। নিয়মিত দাঁত ব্রাশ ও মুখের পরিচর্যা হৃদরোগসহ অন্যান্য জটিলতার ঝুঁকি কমাতেও সাহায্য করে। তাই প্রতিদিনের রুটিনে রাতের ব্রাশকে অবহেলা না করে এটিকে স্বাস্থ্যকর জীবনধারার এক অপরিহার্য অংশ হিসেবে গ্রহণ করা উচিত।

সূত্র : আজকাল