রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ ২২ কিলোমিটার বেহাল রাস্তায় জনদুর্ভোগ চরমে পরিণত হয়েছে। বুষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে যায় রাস্তাটি। গত প্রায় চার বছর ধরে কার্পেটিং তুলে ফেলে রাখা হয়েছে এই রাস্তার। ফলে রাস্তায় বড় বড় গর্ত এবং উঁচু-নিচু সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় রাস্তাটি রাণীনগর উপজেলাসহ আশেপাশের এলাকার লাখ লাখ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
শুক্রবার (০৪ ফেব্রুয়ারি ) বৃষ্টিতে রাস্তায় কাদা-পানিতে পরিণত হওয়ায় ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে বলে ঘবর পাওয়া গেছে। এই জনদূর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত রাস্তায় কাজ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলা সদরের বাসট্যান্ড গোলচত্বর থেকে আবাদপুকুর হয়ে কালীগঞ্জ পর্যন্ত মোট ২২ কিলোমিটার রাস্তায় যানবাহন চলাচলে চাপ বাড়ে। ফলে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ স্থাপন করতে এলজিইডি থেকে রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তর করা হয়। রাস্তা জুড়ে ২৬টি কালভার্ট ও ৪টি ব্রিজ নির্মাণ, টেকসই, মজবুত ও প্রশস্ত করণের লক্ষে ২০১৮ সালে টেন্ডার দেয়া হয়। পরে রাস্তার সমস্ত কার্পেটিং তুলে রোলার দিয়ে ফেলে রাখা হয়।
আরও জানা যায়, গত ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদার অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন। পরে অতিরিক্ত সময়েও কাজ শেষ করতে পারিনি। ফলে গত বছরের মে মাসের প্রথম সপ্তাহে সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদারের কার্যাদেশ বাতিলসহ জরিমানা করে আবার নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু করেন। পরে কয়েক মাস পেরিয়ে গেলেও রাস্তাটির কাজ শুরু করা হয়নি। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ।
এলাকাবাসি জানান, দীর্ঘ কয়েক বছর ধরে কাজ বন্ধ থাকায় রাস্তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার কোথাও কোথাও উচুঁ-নিচু হওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে । এই রাস্তায় প্রতিনিয়ত দূর্ঘটনা লেগেই থাকে। আজ শুক্রবার বৃষ্টি হওয়ায় রাস্তা কাঁদা-পানিতে একাকার হয়ে গেছে। এতে করে রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ দূর্ভোগ এড়াতে অধিকাংশ লোকজন রাণীনগর পৌঁছতে মূল রাস্তায় না গিয়ে বিকল্প পথে প্রায় ৭/৮ কিলোমিটার রাস্তা অতিরিক্ত ঘুরে চলাচল করছেন।
এ ব্যাপারে বিভিন্ন যানবাহনের চালকরা জানান, ভাঙ্গা রাস্তায় গাড়ী চলাচলে খুব অল্প সময়ের মধ্যে গাড়ীর বিভিন্ন যত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে আবার বৃষ্টিতে রাস্তায় কাদা-পানিতে পরিণত হয়েছে। ফলে এই রাস্তা গাড়ী চালাতে কষ্টসাধ্য হয়ে পড়েছে।
যাত্রীরা জানান, রাস্তার যে দূর্গতি একবার চলাচল করলে শরীরের বিভিন্ন জায়গায় প্রচুর ব্যথায় হয়। বৃষ্টিতে রাস্তায় কাদা-পানির কারণে বেহাল অবস্থায় গাড়ীতে করে এই রাস্তা দিতে চলাচল করতে হচ্ছে। এমনকি কাদা-পানির কারণে গাড়ী স্লিপ কেটে কয়েক স্থানে দুর্ঘটনাও ঘটেছে। আর রোদে ধুলাবালিতে একাকার হয়ে যায়।
যাত্রীরা আরও জানান, এই রাস্তায় গর্ভবতী নারী কিংবা জটিল কোন রোগী পরিবহণ করা সবচাইতে কষ্টসাধ্য হয়ে পড়ছে। এছাড়া মালামাল পরিবহণে অতিরিক্ত ভাড়ার পাশাপাশি চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এই রাস্তার কাজ শেষ করে এলাকাবাসীকে এই জনদূর্ভোগ থেকে মুক্তি দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
এবিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, আইনী জর্টিলতা শেষ হয়েছে। আমরা চেষ্টা করছি খুব দ্রুত সময়ের মধ্যে ঠিকাদার নিয়োগ দিয়ে রাস্তার কাজ শুরু করার।
জি/আর









