রাজশাহীর খবর

রাজশাহী বিভাগে ৪৮১ জনের করোনা শনাক্ত, ইউনিটে মৃত্যু ৩

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০২২২ মিনিট পড়া


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় বিভাগের আট জেলায় তারা শনাক্ত হন। বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহীতে ৭১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে ৭৩ জন, জয়পুরহাটে ২৮ জন, বগুড়ায় ৩৪ জন, সিরাজগঞ্জে ৮৬ জন এবং পাবনায় ১৬২ জন নতুন রোগী শনাক্ত হন। ওই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা পজিটিভ অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৮৭০ জন।
অপরদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহী, নাটোর ও নওগাঁর একজন করে রোগী মারা গেছেন। এরমধ্যে নাটোর ও নওগাঁর রোগী করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর রোগী মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। মৃত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
ওই ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন সাতজন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ছয়জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৫৮ জন।
বুধবার জেলার ২৭০টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৬০ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ২২ দশমিক ২২ শতাংশ।