রাজশাহী

রাজশাহী বিভাগে উচ্চ রক্তচাপের লক্ষাধিক রোগী এনসিডি কর্নার থেকে বিনামূল্যে সেবা নিচ্ছেন

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়ন বিষয়ে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি অনুষ্ঠিত হয় আজ সকাল ১১টায়, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হবিবুর রহমানের সভাপতিত্বে।

বক্তারা বলেন, রাজশাহী বিভাগে হৃদরোগে মৃত্যুহার কমাতে এনসিডি কর্নারের সেবা আরও মানসম্মত করা হচ্ছে। বর্তমানে বিভাগজুড়ে এক লাখেরও বেশি উচ্চ রক্তচাপের রোগী এবং ৫০ হাজারেরও বেশি ডায়াবেটিস রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের তথ্যমতে, রাজশাহী বিভাগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ৬১ শতাংশ, যা অনেক উন্নত দেশের সমান। তবে ২৪ শতাংশ রোগী নিয়মিত ফলোআপে আসেন না এবং ১৪ শতাংশ রোগী এখনও অনিয়ন্ত্রিত।

বক্তারা আরও বলেন, ২০২৫ সালের মধ্যে দেশে হৃদরোগজনিত মৃত্যুহার এক চতুর্থাংশ কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনা, উচ্চ রক্তচাপের ব্যাপকতা ১৮ শতাংশে নামানো এবং লবণ ব্যবহারের হার ২৫ শতাংশ কমানো লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন : ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার (অব.) ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. নুরুল ইসলাম, বিভাগীয় উপপরিচালক (স্বাস্থ্য) ডা. মো. ইবনে ইমাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অতিরিক্ত পরিচালক ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. রোজী আরা খাতুন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. রুহুল আমিন, রাজশাহী সিভিল সার্জন ডা. এস এম রাজিউল করিম, পাবনার ডা. আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জের ডা. নুরুল আমিন, নাটোরের ডা. মোক্তাদির আরেফিন, চাঁপাইনবাবগঞ্জের ডা. একেএম সাহাব উদ্দীন, বগুড়ার ডা. খুরশীদ আলম, নওগাঁর ডা. আমিনুল ইসলাম, জয়পুরহাটের ডা. আল মামুন, এবং এনসিডি প্রতিনিধি ডা. রাহাত চৌধুরী।