রাজশাহী

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক১২ জুলাই ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পুরান ঢাকায় মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত ১০ টা ৪৫ মিনিটে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজটির মূলফটকের রাস্তার পাশে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশ থেকে চাঁদাবাজদের হুশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, বিগত ১৭ বছর চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ ছিলো ছাত্র-জনতা। যার সমাপ্তি ঘটানো হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে। ফের যদি কোনো চাঁদাবাজ মাথা চাড়া দেওয়ার অপচেষ্টা করে তাহলে আবারও ছাত্র-জনতা যৌথভাবে রুখে দিবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের এই বাংলায় কোনো ঠায় দেওয়া হবে না এবং শক্তহাতে এসব সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।

শিক্ষার্থীরা বলেন, চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যেভাবে জনসম্মুখে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটির সাথে জড়িতদের নজিরবিহীন শাস্তি চায়। যাতে ভবিষ্যতে এমন কাজ করার আগে সন্ত্রাসীরা অন্তত শতবার ভাবে। একজন মানুষকে পশুর মতো করে পাথর ছুড়ে মেরে ফেলা হলো। অথচ জড়িতদের এখনো অনেকে অধরা রয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। তা না হলে ছাত্র-জনতার হাতে দায়িত্ব দিয়ে দেন, হত্যার পরিবর্তে হত্যায় করা হবে।

উল্লেখ্য গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে  এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন। ঘটনার পর পুলিশ মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে আটক করে। পরে কোতোয়ালি থানায় একটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের হয় এবং মহিনকে ৫ দিনের ও তারেক রহমান রবিনকে ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

এদিকে পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে সোহাগকে হত্যা করার ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ফেসবুকে অনেকেই ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।