নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সহসভাপতি শিমুল ইসলামসহ (৩০) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন উপজেলার পানানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান আলী প্রাং (৬৩) ও দুর্গাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল (২৫)।
পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিক্যাল মোড়ে ১৫০-২০০ জন আওয়ামী লীগের নেতাকর্মী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়। এ ঘটনায় উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘দুর্গাপুর উপজেলায় যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’









