রাজশাহী

রাজশাহী কলেজে একাদশ শ্রেণির ‘রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ

নিউজ ডেস্ক১৫ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী-এর চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম মোফাখখারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, ভর্তি কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা একজন শিক্ষার্থীর সাফল্যের মূল চাবিকাঠি।”

অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী বলেন, “১৫৩ বছরের গৌরবময় ঐতিহ্য নবীন শিক্ষার্থীদের মাধ্যমেই অটুট থাকবে।” তিনি শিক্ষার্থীদের দেশ গড়ায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে উৎসাহিত করেন এবং অভিভাবকদের সন্তানদের পড়াশোনায় নিবিড়ভাবে নজরদারি করার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষে সভাপতির কৃতজ্ঞতা জ্ঞাপনের পর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।