নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলার হরিপুর এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। শনিবার বিকেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংষর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা শামীম ও সাদ্দাম আলী। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শামীম ও সাদ্দাম ব্যবসায়ীক কাজে রাজশাহী এসেছিলেন। কাজ শেষে চাঁপাইনবাবগঞ্জ ফেরার পথে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানাধীন হরিপুর এলাকায় তারা এই দুর্ঘটনার কবলে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে রাজশাহীগামী পাথর ভর্তি একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালক যেকোনো কারণে তার সাইড ফেলে সম্পূর্ণভাবে ডান সাইডে এসে ট্রাকের সামনে পড়ে। এতে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় এবং মোটরসাইকেলে থাকা দুইজন মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হোন।
স.আর









