রাজশাহী

রাজশাহীতে রাস্তা দখল করে ছাত্রলীগের প্রতিষ্টাবার্ষিকী: ভোগান্তিতে নগরবাসী

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৭৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে রাস্তা দখল করে। নগরীর গনপাড়া সংলগ্ন ব্যস্ততম সড়ক দখল করে সাজানো হয় মঞ্চ। ফলে এ সড়কটি বন্ধ হয়ে থাকায় যানবাহন চলাচলে দেখা দেয় সমস্যা। বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল করতে গিয়ে সৃষ্ট হয়েছে তীব্র যানজটের। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসি।

 

জানা যায়, ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হয়েছে। রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহামুদ রাজিব হাসানএর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি এএইচএম খাইরুজ্জামান লিটন। বিশেষ অতিথি থাকবেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা।

 

এছাড়াও উপস্থিত থাকবেন মহানগর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক উম্মে জান্নাত ঝিলিক, উপ-সম্পাদক শান্তা ইসলাম, রাজশাহী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নুর মোহাম্মদ সিয়ামসহ অন্যান্য কর্মীরা।

 

সন্ধ্যায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করে শুরু হবে আলোচনা সভা। এরপর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নগরীর গনকপাড়া মোড়ে তৈরী করা হয়েছে বিশালাকার মঞ্চ। বুধবার রাত থেকেই বাঁশ ফেলে বন্ধ হয়ে যায় ওই সড়কটি। সকাল থেকে শুরু হয় মঞ্চ তৈরীর কার্যক্রম। নগরীর জিরো পয়েন্ট হতে রেলগেট যাওয়ার এ প্রধান সড়কটি বন্ধ থাকায় যানবাহন গুলোকে এখন অনেক দূর দিয়ে যেতে হচ্ছে। আবার বিকল্প রাস্তাগুলো সরু হবার কারনে পারাপারে লাগছে দীর্ঘ সময়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানান, মঞ্চের কোন পাশে জায়গা না থাকায় পথচারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দোকানের কোল ঘেষে মঞ্চ তৈরী করায় এবং জিরোপয়েন্ট পর্যন্ত রাস্তা অবরোধ থাকায় কোন ক্রেতা ঢুকতে না পারছে না সেগুলোতে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও বিরাজ করছে চাপা ক্ষোভ।

নগরীর রাণীবাজার এলাকার বাসিন্দা হুমায়ন কবীর ক্ষোভ প্রকাশ করে সিল্কসিটি নিউজকে বলেন, রাজশাহীতে এর আগে কখনো এই রাস্তা পুরোপুরি বন্ধ করতে দেখিনি। অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো কোন অনুষ্ঠান করলেও তারা রাস্তার এক পাশে মঞ্চ তৈরী করে। এতে খুব একটা সমস্যা হয়নি। কিন্তু মূল সড়ক বন্ধ করে প্রতিষ্টা বার্ষিকী পালনের কোন মানে হয় না। এতে মানুষের ভোগান্তি বেড়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছু গনকপাড়ার এক ব্যাবসায়ী বলেন, আজ সকাল থেকে ঠিক ভাবে ব্যবসা করতে পারে কেউই। রাস্তা বন্ধ থাকলে কোন ক্রেতা ঘুরে আর এখানে আসতে চাচ্ছে না। দুপুর পার হয়ে ছাত্রলীগের ছেলেরা এসে দোকানের সামনে ভীড় করা শুরু করেছে। কাকে কি বলব। আজকের দিনের ক্ষতিপূরন তো তারা আমাদের দিবে না।

 

এদিকে নগরীর অন্যান্য সড়কগুলোতে গিয়ে দেখা যায়, শুধুমাত্র ওই সড়কটি বন্ধ থাকায় অন্যান্য সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা। প্রধান এই সড়কটির বিকল্পে যে সকল সড়ক রয়েছে  সেগুলো অত্যন্ত সরু হওয়ায় সেখানে তীব্র যানবাহনের সৃষ্টি হয়েছে। সেই সাথে শুরু হয়েছে ব্যাপক শব্দ দূষণ।

 

ছাত্রলীগের এমন আয়োজনে সুশীল সমাজেও উঠেছে সমালোচনার ঝড়। রাস্তা দখল করে ছাত্রলীগের এমন আয়োজনে চাপা ক্ষোভে ফুসছেন নগরবাসি।

 

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে পুরো রাস্তা দখল করে মঞ্চ করে এই ধরনের আয়োজন করা ঠিক হয়নি।

স/শ