রাজশাহী

রাজশাহীতে ‘মদপানে’ মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০২১২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ‘মদপানে’ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া আরো একজন আজ শনিবার মারা গেছেন। রাত ৮টা ১০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে গতকাল শুক্রবার রাত থেকে এ হাসপাতালে ভর্তি হওয়া পাঁজজন মারা গেলেন। চিকিৎসা নিচ্ছেন আরো আটজন।

শনিবার রাতে মারা যাওয়া ব্যাক্তি হলেন, কাদিরগঞ্জ দড়িখরবনা এলাকার মৃত সেলিমের ছেলে মোহাম্মদ মুন আহম্মেদ(১৮)। তিনি রামেক হাসপাতালে ১৬ নং ওয়ার্ডে ভর্তি ছিলেন।

তাঁর আগে মারা যাওয়া চারজন হলেন, নগরীর হেতেম খাঁ এলাকার মো. তুহিন (২৬),  হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে মো. ফয়সাল (২৮), বাকির মোড় এলাকার উওমের ছেলে মো. সাগর (২৫) ও বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার মো. সজল (২৫)।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত ১১টার পর থেকে ৫ জনকে একে একে এনে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার পর থেকে আজ ভোর পর্যন্ত তাঁদের তিনজন মারা যান। বিকেলে ও রাতে আরো দুজন মারা গেলেন। পুলিশের ধারণা, তাঁরা বিভিন্ন এলাকায় মদপান করে অসুস্থ হয়েছেন।

হাসপাতালে ভর্তি থাকা আরও আটজন হলেন, নগরীর তেরখাদিয়া এলাকার মো. ইরফান (২০), হোসনীগঞ্জ এলাকার রবিন শেখ (৩০), হেতেম খাঁ এলাকার মো. পলক (২২), ডাবতলা এলাকার সম্রাট শাজাহান (১৯), বোয়ালিয়া এলাকার মো. মাহফুজ (২৬), মতিহার এলাকার মো. আলমগীর (৩৫), আসাম কলোনি এলাকার আবদুল আজিজ (২১) ও মো. রবিউল (২৭)।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. সাইফুল ফেরদৌস বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই পাঁচজন মদের বিষক্রিয়ায় মারা গেছেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, ভোর পর্যন্ত মারা যাওয়া তিনজনের ময়নাতদন্ত হয়েছে। সন্ধ্যায় মারা যাওয়া যুবকেরও ময়নাতদন্ত হবে। ওই তরুণ-যুবকেরা কোথায় মদপান করেছেন, তাঁরা খতিয়ে দেখছেন।

স/অ

 

 

ট্যাগ: