রাজশাহী

রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালন

নিউজ ডেস্ক২১ মে ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবদেক :

‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএসটিআই রাজশাহীর পরিচালক জহুরা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ মো. জিয়াউদ্দিন আহমেদ। তারা এবারের প্রতিপাদ্যের গুরুত্ব তুলে ধরে নীতি নির্ধারণ, সুশাসন, ব্যবসা-বাণিজ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় সঠিক পরিমাপ ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বিএসটিআই রাজশাহীর পরিচালক জহুরা সিকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আজিজুল হাকিম।

সভাপতির বক্তব্যে জহুরা সিকদার বিশ্ব মেট্রোলজি দিবস পালনের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বিএসটিআইয়ের মেট্রোলজি উইংয়ের কার্যক্রম, আন্তর্জাতিক পরিমাপবিষয়ক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় এবং দেশে জাতীয় পরিমাপ মানদণ্ড প্রণয়নে বিএসটিআইয়ের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ পণ্যের সঠিক পরিমাপ নিশ্চিত করতে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ীদের স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, রাজশাহীকে যেভাবে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হয়েছে, একইভাবে নিরাপদ ও মানসম্মত খাদ্যব্যবস্থা গড়ে তুলতেও সবাইকে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভায় বিভিন্ন শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মহানগরীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।