রাজশাহী

রাজশাহীতে পিআর নির্বাচন ব্যবস্থা নিয়ে জামায়াতের সেমিনার

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পি আর) নির্বাচন ব্যবস্থার দাবিতে রাজশাহীতে সেমিনার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে বিভিন্ন পেশাজীবী ও বুদ্ধিজীবীরা অংশ নেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদ। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

মতিউর রহমান আকন্দ বলেন, “নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হতে হবে, তবে সেটা জুলাই সনদের আইনি ভিত্তিতে পিআর পদ্ধতিতেই দিতে হবে। এই পদ্ধতিতে মনোনয়ন বাণিজ্য, পেশীশক্তি ও কালো টাকার প্রভাব কমে যাবে।”

তিনি আরও বলেন, “পিআর ব্যবস্থায় প্রত্যেক ভোটারের ভোট সংসদে প্রতিফলিত হয়। ছোট দল, সংখ্যালঘু ও নতুন রাজনৈতিক দলও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়।”

বক্তারা বলেন, বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে অনেক ভোট মূল্যায়িত হয় না। একজন প্রার্থী ৩৫ শতাংশ ভোট পেলেও জয়ী হন, আর ৬৫ শতাংশ ভোট অকার্যকর থেকে যায়। পিআর পদ্ধতিতে এই সমস্যা দূর হবে।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনায় ছিলেন মো. শাহাদৎ হোসাইন ও অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মু. ইমাজ উদ্দিন মন্ডল, এড. আবু মো. সেলিম, প্রফেসর শরিফুল ইসলাম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, জসিম উদ্দিন সরকার ও অধ্যাপক আবুল কালাম আজাদ।