রাজশাহী

রাজশাহীতে ধুমকেতু এক্সপ্রেসের ফাঁকা বগি ধাক্কা দিল ঢালারচরকে, ট্রেনের সংঘর্ষে আহত ৪

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী রেলস্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে ধুমকেতু এক্সপ্রেসের দাঁড়িয়ে থাকা ‍দুটি ফাঁকা বগি ও ঢালাওচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুর্ঘটনায় ঢালারচর এক্সপ্রেসের দুইটি বগিসহ মোট ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ও রেলওয়ে পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে।

দুর্ঘটনায় তিনজন যাত্রীসহ এক শিশুকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ভয়াবহ শব্দে চারদিক কেঁপে ওঠে।

ঢালারচর এক্সপ্রেসের পিছনের দুইটি বগি দুমড়ে-মুচড়ে গেছে বলে জানা গেছে। এ সময় বগির ভেতরে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেয়।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢালারচর ট্রেনটি রাজশাহী থেকে বের হওয়ার সময় পাশের লাইনে দাঁড়িয়ে থাকা দুটি বগি গড়তে গড়তে গিয়ে ঢালারচরে ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঢালারচর এক্সপ্রেসের দুটো বগি লাইনচ্যুত হয়।

ঢালারচরের যে বগি দুটি লাইনচ্যুত হয়েছে, সেগুলো রেখেই ঢালারচর এক্সপ্রেস পাবনার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে গেছে। লাইনচ্যুত বগি দুটি উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ করছে। এছাড়াও ফাঁকা দুটি বগি ইঞ্জিন দিয়ে টেনে আনা হয়। রাজশাহীর সাথে সকল রুটের ট্রেন চলাচল স্বাভাবিক আছে এখন।