সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

রাজশাহীতে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী-কন্যাসহ নিহত ৪

নিউজ ডেস্ক১৫ মে ২০২২২ মিনিট পড়া
রাজশাহীতে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী-কন্যাসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-কন্যাসহ চারজন নিহত হয়েছেন। রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার ছোট বিড়ালদহ গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে ও উপজেলা যুবদলের সহ-সভাপতি আবদুল মান্নান (৪৮), নওগাঁর নিয়ামতপুর উপজেলার চণ্ডিপুর গ্রামের মো. আফতাব হোসেন, তাঁর স্ত্রী বিথি খাতুন (৩৩) এবং মেয়ে মরিয়ম জান্নাত (৪)। দুর্ঘটনায় ব্যবসায়ী আফতাবও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

দুর্ঘটনা প্রসঙ্গে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আফতাব হোসেন তাঁর মোটরসাইকেলে স্ত্রী এবং মেয়েকে নিয়ে বিয়ের দাওয়াতে উপস্থিত হতে নওগাঁর নিয়ামতপুরে যাচ্ছিলেন। তারা সপরিবারে রাজশাহীতে থাকতেন। আর মান্নান রাজশাহী থেকে মান্দা যাচ্ছিলেন। পথে নওহাটার বায়া এলাকায় আবদুল মান্নান ও আফতাবের দুই মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা চারজনই রাস্তায় ছিটকে পড়েন। এরপর একটি ট্রাক্টর এসে দুই মোটরসাইকেলকেই চাপা দেয়।

ওসি ফরিদ হোসেন জানান, এতে ঘটনাস্থলেই শিশু মরিয়ম জান্নাত ও আবদুল মান্নান মারা যান। আর বিথি খাতুন ও তাঁর স্বামী আফতাবকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিথি খাতুনকে মৃত ঘোষণা করেন। পরে বিকাল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফতাব।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক তার ট্রাক্টর ফেলে পালিয়েছেন। পরে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটিও থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

জি/আর

ট্যাগ: