নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তিন কারারক্ষীসহ ১৪ জনকে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর ডিঙাডোবা এলাকা থেকে রাজপাড়া থানা পুলিশ তাদের আটক করে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপরই বিষয়টি জানাজানি হয়। ওই তিন কারারক্ষী হলেন- মানিক হোসেন, হাবিব আহমেদ ও মিল্টন হোসেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি স্বীকার করে বলেন, ১৪ জনের মধ্যে তিনজন কারারক্ষী রয়েছে। এই তিন কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য কারা অধিদপ্তরে সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
জুয়ার আসরের ওই অভিযানের নেতৃত্বে ছিলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া জোনের সহকারী কমিশনার সাব্বির আহমেদ সরফরাজ।

তিনি জানান, ডিঙাডোবা এলাকায় মাঠের ভেতর একটি ঘর বানিয়ে সেখানে জুয়ার আসর বসানো হয়েছিল। প্রতি রাতেই সেখানে জুয়া খেলা হচ্ছিল বলে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ নিয়ে স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগও করেছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৪ জনকে আটক করা হয়। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স/আর









