
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসচাপায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার সাঁকোয়ায় টার্নিং পয়েন্টে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম জুয়েল রানা (৩১)। তিনি নওগাঁর মান্দা উপজেলার নয় নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের কুরকুটি গ্রামের মহিবুর রহমানের ছেলে। তিনি বগুড়ার আদমদীঘি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মোটরসাইকেলে জুয়েল রানা তার স্ত্রী সুলতানা বেগম রুমাকে (২৬) নিয়ে নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিলেন। যাওয়ার পথে সাঁকোয়ায় পৌঁছালে রাজশাহী থেকে নওগাঁগামী শিশির স্পেশাল (ঢাকা মেট্রো ব-১৪-৬১৮৭) নামের যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। আর পেছনে বসা পুলিশ সদস্যের স্ত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত নারীকে উদ্ধার করে মোহনপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবণতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ দুর্ঘটনার পর বাসচালক কেশরহাট তেল পাম্পের সামনে বাস রেখে পালিয়ে যান। পরে পুলিশ বাসটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এএইচ/এস









