রাজশাহী

রাজশাহীতে গ্রামীণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

নিউজ ডেস্ক২১ মে ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবদেক :

রাজশাহীতে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের পঞ্চম “গ্রামীণ চক্ষু হাসপাতাল, রাজশাহী”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় রাজশাহীর কাটাখালির মাসকাটাদীঘি এলাকায় হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে গ্রামীণ গ্রুপের কো-চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন নগরী, আমের নগরী ও শিক্ষা নগরী হিসেবে পরিচিত। এখন সময় এসেছে স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও রাজশাহীকে একটি আদর্শ নগরী হিসেবে প্রতিষ্ঠিত করার। তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন এই গ্রামীণ চক্ষু হাসপাতাল রাজশাহী অঞ্চলসহ উত্তরাঞ্চলের মানুষের জন্য মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং স্বাস্থ্যখাতে নতুন মাত্রা যোগ করবে।

বক্তারা বলেন, গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রাজশাহীতে প্রতিষ্ঠিত এই চক্ষু হাসপাতাল উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা এবং স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসা সুবিধা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের উপকারে আসবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন এই প্রতিষ্ঠানে চোখের বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা, পরামর্শ, চিকিৎসা ও অস্ত্রোপচারের সুবিধা পর্যায়ক্রমে চালু করা হবে। এর মাধ্যমে রাজশাহী ও আশপাশের জেলার মানুষ রাজধানীমুখী না হয়ে নিজ এলাকাতেই আধুনিক চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির সফল কার্যক্রম কামনা করেন।