নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর পুনরায় রাজশাহীতে এম.এম. সালেহা টাওয়ার প্রকল্পের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১ টায় নগরীর গ্রেটার রোড মসজিদ সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এম এম সালেহা টাওয়ারের ব্যানার উন্মোচন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন নগর বিএনপির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা। এরপর প্রকল্পের উন্নতি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চার বছর আগে সাবেক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ক্ষমতার অপব্যবহার করে নিজের পৈতৃক সম্পত্তি দাবি করে অবৈধ পন্থায় এই প্রকল্পের জায়গাটি দখল করে নেয়। সেই সাথে নিজের তৈরি কিশোর গ্যাং এর সহযোগিতায় এই প্রকল্পের শুরু হওয়া কাজ সম্পূর্ণ বন্ধ করে দেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ সময় পর ছাত্র-জনতার গণঅভ্যত্থানের জন্য আবারও এই জায়গায় প্রকল্পটি কাজ শুরু করতে পারছে। এই প্রকল্পটি তাদের সুন্দর ও পরিপাটি কাজের মধ্য দিয়ে সুসজ্জিত নির্মাণাধীন বাড়ী তৈরি করে নগরীবাসীকে উপহার দিবে বলে প্রত্যাশা করেন তিনি।
এম. এম সালেহা টাওয়ারের মঈদুর রহমান বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচার আওয়ামী লীগের ক্ষমতাকে ব্যবহার করে দীর্ঘ একটা সময় আমাদের প্রকল্পের কাজটা বন্ধ রাখা হয়েছিলো। যার ফলে নগরীতে একটা সিন্ডিকেট তৈরি হয়ে উঠেছিলো। তবে এখন থেকে আমরা প্রতিনিয়ত নগরীতে আমাদের প্রকল্পের কাজ চলমান রাখব। এছাড়াও এ প্রকল্পটি নগরীর প্রাণকেন্দ্র দড়িখরবোনা এলাকায় হওয়ায় সকল ধরনের সুযোগ-সুবিধা পাবে নগরবাসী।
নির্মান কাজ উদ্বোধনে উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, বোয়ালিয়া বিএনপির আহ্বায়ক নিপু, রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান সহ অন্যান্যরা।









