নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ফাঁকা স্থানে ১০ হাজার গাছের চারা রোপনের উদ্যেগ নিয়ে ২৫ জুলাই থেকে চারা বিতরণ শুরু করেছে কেন্দ্রীয় কিশোর পাঠাগার নামের একটি প্রতিষ্ঠান।
এ উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার নগরীর কোর্ট একাডেমীতে শিক্ষার্থীদের মাঝে ৫০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিরতণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। এসময় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, কোর্ট একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবু ও কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা সোহাগ আলী।

এসময় ফজলে হোসেন বাদশা বৃক্ষ রোপনের গুরুত্বারোপ করে বলেন, গাছ মানুষ ও প্রকৃতির অকৃত্রিম বন্ধু। বৃক্ষরোপন একটি মহৎ উদ্যোগ। রাজশাহীতে সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষ রোপনের বিকল্প নেই। তিনি সবাইবে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ফজলে হোসেন বাদশা স্কুল চত্ত্বরে গাছের চারা রোপন করেন।

কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা সোহাগ আলী জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূখ-ের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য হলেও দেশে বনভূমির পরিমাণ মাত্র ৭ থেকে ৮ শতাংশ। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংরক্ষিত বনভূমি, ব্যক্তি পর্যায়ে রোপণ করা গাছপালা, সামাজিক বনায়ন ও উপকূলীয় সবুজ বেষ্টনীসহ নানা উদ্যোগ মিলিয়ে দেশে বনভূমির পরিমাণ এখন বেড়ে ১৬ থেকে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নাই। তিনি শিক্ষার্থী-শিক্ষক থেকে শুরু সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগানোর অনুরোধ করেন।
স/আ









