রাজশাহী

রাকসু নির্বাচন ঘিরে তিন দফা দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সামনে রেখে তিন দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, অবিলম্বে একাডেমিক ভবনে রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। পাশাপাশি, সাতটি আবাসিক হলে কোরআন পোড়ানো, রেজিস্ট্রারের বাসভবনে ককটেল বিস্ফোরণ এবং গণতান্ত্রিক ছাত্র জোটের শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। এ ছাড়া রাকসু নির্বাচন ঘিরে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করাসহ সাইবার বুলিং রোধে একটি কার্যকর সেল গঠনের দাবিও জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পর আমরা ক্যাম্পাসে নিরাপদ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একটি গোষ্ঠী ক্যাম্পাসে তাদের বেপরোয়া আধিপত্য বজায় রাখতে সন্ত্রাসী কায়দায় পরিবেশ অস্থির করছে, আর প্রশাসন তা দেখেও নির্বিকার। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রশাসনের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে ব্যাপক অনাস্থা তৈরি হয়েছে।”

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “আমরা চাই রাকসু নির্বাচন কোনোভাবেই বিতর্কিত না হোক। তবে অতীতের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর বিচার না হলে সাধারণ শিক্ষার্থীরা এই নির্বাচনে মুক্ত মনে অংশ নিতে পারবে না। প্রশাসন যদি ন্যায়বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে এই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ, ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ এবং ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক আহমেদ ইমতিয়াজ সৈকত।