আন্তর্জাতিক

রহস্যজনকভাবে ভারতে অসুস্থ শতাধিক মানুষ, আসছে মৃত্যুর খবরও

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০২০২ মিনিট পড়া

একদিকে বিশ্ব জুড়ে চলছে অতিমারী। প্রত্যেকদিন নতুন করে আসছে মৃত্যুর খবর। এরই মধ্যে নতুন রহস্যময় অসুখের খোঁজ মিলল ভারতের অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের ওয়েস্ট গোদাবরী জেলার এলুরুতে এই ঘটনা ঘটেছে। এক অজানা অসুখে আক্রান্ত হলেন শতাধিক মানুষ।

রহস্যজনকভাবে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে ওই অঞ্চলে। তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।

অনেকের মধ্যে মাথা ব্যাথা, বমি, এপিলেপ্সির মত লক্ষণ দেখা গিয়েছে। তবে বেশির ভাগ মানুষই আপাতত স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এলুরু গভমেন্ট জেনারেল হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

রবিবারই এপিলেপ্সির লক্ষণ নিয়ে হাসপাতালে যাওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি করাতে হয়েছে ২৯২ জনকে। এর মধ্যে ৪৬ জন শিশু ও ৭৬ জন মহিলা। ১৪০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। পাঁচজনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বিষাক্ত জল পানের ফলেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়টা এখনও নিশ্চিত করেনি প্রশাসন। এলাকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। জলের নমুনা ও অসুস্থ ব্যক্তিদের রক্তের নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করছে মেডিক্যাল টিম।

জলের নমুনা পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে। কোনও দূষণ ধরা পড়েনি। রক্তের নমুনা দেখে কোনও ভাইরাল ইনফেকশন পাওয়া যায়নি। আক্রান্তদের করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি এই ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছেন। তিনি সোমবার আক্রান্তদের সঙ্গে দেখা করবেন।

উদ্বেগ প্রকাশ করেছেন গভর্নর বিশ্বভূষণ হরিচন্দন। তিনি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ট্যাগ: