সদ্য প্রকাশিত
খেলা

যে সমালোচনায় বদলে গেলেন অশ্বিন

নিউজ ডেস্ক৯ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
যে সমালোচনায় বদলে গেলেন অশ্বিন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সোজা কথা সোজাভাবে বলার জন্য ভারতীয় ক্রিকেটে সঞ্জয় মাঞ্জরেকারের জুড়ি নেই। তা নিয়ে কখনো ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে পড়েছেন, আবার কখনো চটিয়েছেন সহকর্মীদেরও।

এমনকি সাবেক এই ব্যাটার-ধারাভাষ্যকারের কড়া মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে কয়েক বছর কথা পর্যন্ত বন্ধ রেখেছিলেন ভারতীয় স্পিন কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন। তবে দিনশেষে সেই কটু সমালোচনাই ঘুরিয়ে দিয়েছিল অশ্বিনের ক্যারিয়ারের মোড়।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই অফস্পিনার সম্প্রতি নিজেই প্রকাশ্যে এনেছেন সেই পুরনো স্মৃতি। ২০১১-১২ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পথে মাঞ্জরেকারের একটি কলাম চোখে পড়ে অশ্বিনের।

যেখানে সরাসরি তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে কড়া সমালোচনা করেছিলেন মাঞ্জরেকার। তা পড়ে স্বাভাবিকভাবেই চটে যান ভারতীয় এই স্পিনার। তবে সেই ক্ষোভ ভেতরে পুষে না রেখে নিজের দুর্বলতা কাটানোর জ্বালানি বানিয়ে নেন তিনি।
পরবর্তী সময়ে নিজের সেই উপলব্ধি নিয়ে একটি অনুষ্ঠানে অশ্বিন বলেন, ‘অস্ট্রেলিয়া থেকে ফেরার পথে তার পুরো নিবন্ধটি পড়ে খুব রাগ হয়েছিল, খারাপও লেগেছিল।

তবে আমি কথা না বলে কাজ করে দেখানোর সিদ্ধান্ত নিই। পরের চার বছর শরীর নিংড়ে পরিশ্রম করেছি, কারণ জন্মগতভাবে আমি কোনো জন্মজাত অ্যাথলেট ছিলাম না।’
কঠোর পরিশ্রমের সেই ফল মিলতে বেশি সময় লাগেনি। ২০১৫ সালে অশ্বিনের ধারালো বোলিং দেখে আবারও কলাম লেখেন মাঞ্জরেকার, তবে এবার প্রশংসায়। অশ্বিন যোগ করেন, ‘প্রশংসামূলক লেখাটি দেখার পর আমি সঞ্জয় ভাইয়ের নম্বর জোগাড় করে মেসেজ দিই।

বলি—আপনার সেই পুরনো কলামটিই আসলে আমার জীবন বদলে দিয়েছিল। কড়া সমালোচনা থেকেও যে ইতিবাচক কিছু শেখা যায়, আমি সবসময় সেটাই খোঁজার চেষ্টা করি।’
টেস্ট ক্রিকেটে ভারতকে অপরাজেয় শক্তিতে পরিণত করার অন্যতম কারিগর ছিলেন অশ্বিন। ১০৬ টেস্টের দীর্ঘ ক্যারিয়ারে ২৪ গড়ে ৫৩৭টি উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। রঙিন পোশাকে ১১৬ ওয়ানডেতে ১৫৬ উইকেট এবং ৬৫টি টি-টোয়েন্টিতে তুলে নিয়েছেন ৭২ উইকেট।

শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও নিজের সামর্থ্য দেখিয়েছেন অশ্বিন। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ৬টি সেঞ্চুরি ও ১৪টি ফিফটিসহ মোট ৩ হাজার ৫০৩ রান এসেছে এই অলরাউন্ডারের ব্যাটে।