সিল্কসিটিনিউজ ডেস্ক:
যশোরের কেশবপুরে হাতুড়ি বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নির্বাহী কমিটির সদস্য (শাবান মাহমুদ গ্রুপ) হাবীবুর রহমান হাবীব (৪৫)।
গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে।

প্রতক্ষ্যদর্শীরা ও আহতের স্ত্রী জান্নাতুন নাহার সালমা জানান, হাবীব মঙ্গলবার বাড়ি এসেছেন। বুধবার সকাল ১১টায় একটি মোবাইল মেরামত করতে তিনি শহরের পুরনো গরুহাটের দিকে এলে স্থানীয় যুবলীগের নেতার হাতুড়ি বাহিনী প্রধানের নেতৃত্বে মধ্যকুল গ্রামের গণি শেখের ছেলে জামাল ও ভবানীপুর এলাকার আকবার গাজীর ছেলে লিটনের নেতৃত্বে ১২-১৪ জন হাবীবের ওপর হামলা চালায়। এ সময় তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে বেধড়ক পেটায় সন্ত্রাসীরা। শরীরের চোখসহ এমন কোনো স্থান নেই যেখানে তাকে আঘাত করা হয়নি।
আহত হাবীবুর রহমানের স্ত্রী অভিযোগ করেন, যুবলীগের আহ্বায়ক আলতাফ বিশ্বাসের ছেলে শহীদুজ্জামানের মাদকসেবনের একটি ভিডিও প্রচার করায় তার নির্দেশে এই হামলা করা হয়।
অভিযোগের ব্যাপারে শহীদুজ্জামান বলেন, তার সঙ্গে হাবীবের ভালো সম্পর্ক। তিনি কোনো নির্দেশ দেননি। ঘটনাস্থলেও তিনি ছিলেন না বলে জানান।
কেশবপুর থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।










