সিল্কসিটিনিউজ ডেস্ক:
মাঠে বল গড়ানোর আগেই বড় ধাক্কা খেল রোনালদোর ক্লাব আল-নাসর। সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু হতে যখন হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, ঠিক তখনই মারাত্মক আর্থিক সংকটে জর্জরিত হয়ে পড়েছে ক্লাবটি।
পাহাড়সম ঋণের চাপে নতুন খেলোয়াড় কেনা থেকে শুরু করে পুরো ট্রান্সফার কার্যক্রমই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে বাধ্য হয়েছে রিয়াদের এই পরাশক্তি।
আগামী ১৩ আগস্ট মাঠে গড়াচ্ছে সৌদি প্রো লিগের নতুন মৌসুম। অন্যান্য ক্লাবগুলো যখন দল গুছিয়ে নিতে ব্যস্ত, আল-নাসর সেখানে পুরোপুরি স্থবির। সৌদি সংবাদমাধ্যম ‘আল-রিয়াদিয়াহ’-এর প্রতিবেদন অনুযায়ী, ক্লাবটির ঋণের পরিমাণ বর্তমানে ৮০০ মিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ২১৩ মিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে গেছে।

এই বিশাল অঙ্কের দেনার কারণে আপাতত নতুন কোনো ফুটবলারকে রেজিস্টার করাতে পারছে না ক্লাব কর্তৃপক্ষ।
এই চরম অর্থসংকটের প্রভাব পড়তে শুরু করেছে ক্লাবের দৈনন্দিন পরিচালনেও। পর্তুগিজ তারকা সামু কস্তাকে দলে ভেড়াতে রিয়াল মায়োর্কার সঙ্গে চুক্তি চূড়ান্ত হলেও সই করানো সম্ভব হয়নি। অন্যদিকে, বাজেট না থাকায় আটকে আছে দলের তারকা উইঙ্গার আব্দুল রহমান ঘারিবের চুক্তি নবায়নের আলোচনাও।
গত মৌসুমে কোনো বড় শিরোপা না পাওয়া দলটি যখন নতুন উদ্যমে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এমন পরিস্থিতি সমর্থকদের মনে বড় ধরনের উদ্বেগের জন্ম দিয়েছে।
তবে এই বিপর্যয় কাটাতে ইতোমধ্যেই মাঠে নেমেছে ক্লাবের ৭৫ শতাংশ শেয়ারের মালিক ‘সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’ (পিআইএফ)। তারা একটি ত্রিমুখী উদ্ধার পরিকল্পনা হাতে নিয়েছে। যার অধীনে বর্তমান পরিচালনা পর্ষদের অযথা অর্থ খরচ বন্ধ করা হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক আয় বাড়াতে ও পরিচালন ব্যয় কমাতে নিয়োগ দেওয়া হয়েছে আর্থিক ও আইনি উপদেষ্টা।
গুঞ্জন রয়েছে, ক্লাবের কিছু অংশ বেসরকারি খাতের কাছে বিক্রির প্রক্রিয়াও শুরু হয়েছে, যার জন্য ইতোমধ্যে দুটি বড় প্রস্তাবও এসেছে।
তবে এতসব হতাশার মাঝেও স্বস্তির খবর ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। ক্লাবের এই সংকটকালে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার অবস্থানে কোনো প্রভাব পড়ছে না। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বাড়ানো পর্তুগিজ সুপারস্টার কেবল মাঠেই নন, ক্লাবের আংশিক মালিকানা ও বিশাল বাণিজ্যিক আকর্ষণের কারণে এই সংকট উত্তরণের মূল স্তম্ভ হিসেবেই থাকবেন।
বিশ্লেষকরা বলছেন, আল-নাসরের এই হাল আসলে পুরো সৌদি ফুটবলের নতুন নীতিরই প্রতিফলন। রাষ্ট্রীয় তহবিলের ওপর ঢালাও নির্ভরতা কমিয়ে ক্লাবগুলোকে স্বাবলম্বী ও বাণিজ্যিকভিত্তিতে টেকসই করে তোলার যে প্রক্রিয়া শুরু হয়েছে, রিয়াদের ক্লাবটি এখন তারই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।










