সদ্য প্রকাশিত
খেলা

মেসিকে ২০৩০ বিশ্বকাপে দেখতে গণস্বাক্ষরের প্রস্তাব বলিভিয়ান কিংবদন্তির

নিউজ ডেস্ক১ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
মেসিকে ২০৩০ বিশ্বকাপে দেখতে গণস্বাক্ষরের প্রস্তাব বলিভিয়ান কিংবদন্তির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সর্বশেষ বিশ্বকাপ খেলবেন কিনা সে নিয়ে ধোঁয়াশা ছিল। কেননা ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে স্পষ্ট করে কখনো কিছু বলেননি লিওনেল মেসি।

শেষে ২৩তম বিশ্বকাপে অংশ নিয়ে আর্জেন্টিনাকে ফাইনালেও তোলেন তিনি।
শেষ হাসি অবশ্য হাসা হয়নি। স্পেনের কাছে ১-০ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে না পারায় ভীষণ কষ্ট পেয়েছেন মেসি।

বিশ্বকাপ শেষে তাই এক খোলা চিঠিতে লিখেছেন, ‘ক্ষতটা গভীর, শুকাতে সময় লাগবে।’
কষ্টের কথা প্রকাশ করলেও নিজের ভবিষ্যত নিয়ে কোনো কিছু জানাননি মেসি। এবারের বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ ছিল কিনা। আর্জেন্টিনার অধিনায়ক না জানালেও, অনেকেরই মত, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় হওয়া বিশ্বকাপটিই তার ক্যারিয়ারের শেষ ছিল।

কেননা বয়স তো আর কম হলো না। ৩৯ বসন্তে এখন তিনি।
২০৩০ বিশ্বকাপ খেলার সময় মেসির বয়স দাঁড়াবে ৪৩ বছরে। তখন আর্জেন্টিনার অধিনায়কের জন্য খেলাটা সহজ হবে না। তাই অনেকেই আর ফুটবল জাদুকরকে বিশ্বকাপে দেখার আশা করছেন না।

কিন্তু ব্যতিক্রম একজন। সেই একজন সাধারণ কেউ নন, ফুটবলেরই একজন কিংবদন্তি।

 

মার্কো এচেভেরি। বলিভিয়ার কিংবদন্তি ফুটবলার। তার ইচ্ছে, আগামী বিশ্বকাপেও খেলুক মেসি। এ জন্য বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষের গণস্বাক্ষর সংগ্রহের আহ্বান জানিয়েছেন তিনি। যেন আন্তর্জাতিক ফুটবল থেকে এখনি অবসর না নেন মেসি। গণস্বাক্ষর নেওয়ার প্রস্তাবটি আর্জেন্টাইন গণমাধ্যম সুপার দেপোর্তিভো রেডিওকে জানান এচেভেরি।

মেসি এখনই অবসর নেবেন না বিশ্বাস এচেভেরির। সাক্ষাৎকারে ৫৫ বছর বয়সী সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘আশা করি, সে অবসর নেবে না। তাকে অবশ্যই পরের বিশ্বকাপে থাকতে হবে।’

এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন মেসি। ৮ গোলের পাশাপাশি ৪ টি অ্যাসিস্ট করেছেন। এচেভেরির মতে, আর্জেন্টিনার অধিনায়কের জন্য এটা ছিল সেরা বিশ্বকাপ। বলিভিয়ার হয়ে ১৩ গোলের মালিক বলেছেন, ‘আমার মতে, এবারের বিশ্বকাপ ছিল মেসির খেলা সেরা। অন্য খেলোয়াড়ের তুলনায় সে অনেক এগিয়ে ছিল।’

মেসিকে ছাড়া ফুটবল কল্পনা করতে চান না এচেভেরি। তাই গণস্বাক্ষরের মাধ্যমে অবসর রুখতে চান তিনি। ১৯৯৪ বিশ্বকাপে খেলে বলিভিয়ার সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘একটি চিঠি লেখা উচিত। সারা বিশ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করে মেসিকে অনুরোধ করা উচিত, যেন অবসর না নেয়। তাকে ছাড়া বিশ্ব ফুটবল কেমন হবে, সেটা ভাবলেই অন্য রকম মনে হয়। আমার বিশ্বাস, সে নিজেও অবসর নিতে চায় না।’