সিল্কসিটিনিউজ ডেস্ক :
কিংবদন্তি বক্সার মুহাম্মদ আলী। মার্কিন এই বক্সারের গোটা জীবনই ছিল সংগ্রামময়। প্রয়াত এই বক্সারের সম্মানে অডিও সিরিজ প্রকাশ করা হচ্ছে। আলীর স্ত্রী লোনি আলী ও তার বন্ধু জন রামসি এই সিরিজটি প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
পাকিস্তানের সংবাদমাধ্যমটি জানায়, গেল শুক্রবার মুহাম্মদ আলীর অডিও সিরিজ প্রকাশের ঘোষণা আসে। আট পর্বের এই সিরিজের প্রথম পর্ব প্রকাশ পাবে ২৩ জানুয়ারি। মার্কুয়ারি স্টুডিও ও ট্রিফর্ট মিডিয়া যৌথভাবে এই সিরিজটি প্রকাশ করবে।

সামাজিক ক্ষেত্রে আলীর প্রভাব ও অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই বিশ্লেষণ করা হবে এই সিরিজে। প্রয়াত এই বক্সারের মানবতার দিক ফুটানোর ইচ্ছে লোনি ও রামসির। এই সিরিজে উইল স্মিথ, মাইক টাইসন, বিলি ক্রিস্টাল, বব কোস্টাস ও আলীর মেয়ে লাইলা আলী কথা বলবেন।
সিরিজটি নিয়ে আলীর স্ত্রী লোনি বলেন, বর্তমানে আমেরিকায় বিভাজন তুঙ্গে রয়েছে। ঠিক এই সময়েই আলীর অবস্থান সবার সামনে তুলে ধরা হবে। আমেরিকানদের জন্য এক থাকা খুবই প্রয়োজন।
রামসে বলেন, আলীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল এবং তার মতো কাজ করছে এমন ব্যক্তিদের-ই সিরিজে অতিথি করা হয়েছে।এই সিরিজের মধ্য দিয়ে আলীর মহানুভতার পুর্নজন্ম হবে বলে বিশ্বাস তার।
যুক্তরাষ্ট্রের লুইভিলে ১৯৪২ সালে মুহাম্মদ আলীর জন্ম। ইসলাম ধর্মের অনুসারী হওয়ার আগ পর্যন্ত তার নাম ছিল ক্যাসিয়াস ক্লে। যুক্তরাষ্ট্রে আফ্রো-আমেরিকান নাগরিকদের অধিকার রক্ষায় লড়াই করেছেন তিনি। ১৯৯৬ সালে অনুষ্ঠিত অলিম্পিকের মশাল বাহক ছিলেন আলী। ২০১৬ সালে মারা যান এই বক্সিং কিংবদন্তি।
সূত্র: যুগান্তর










