রাজশাহী

মিষ্টি কুমড়ার ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০২৩২ মিনিট পড়া


নিজস্ব প্রতিবেদক :
মিষ্টি কুমড়ার ভিতরে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৬১৯ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার রাতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর মোড় এলাকায় অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ীর নাম আপন আলী (২২)। তিনি চঁপাইনবাবগঞ্জ জেলার পিয়াপুর এলাকার আবু তাহেরের ছেলে।

র‌্যাব জানায়, আটক আপন আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পেশায় একজন অটোচালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান সরবরাহ করতো। এমন গোয়েন্দা তথ্য ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

এরই প্রেক্ষিতে উক্ত সময়ে হেরোইনের একটি চালান সরবরাহ করা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেক পোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে উক্ত ব্যক্তি কে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি এবং জিজ্ঞাাবাদের এক পর্যায়ে তার হেফাজতে থাকা অটোর বাম পাশের হ্যান্ডেলের সাথে ঝুলানো একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে একটি মিষ্টি কুমড়ার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬১৯ গ্রাম ওজনের ছয়টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়।

পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

 এইচ/আর

ট্যাগ: