আমেরিকার মিশিগানের ট্র্যাভার্স সিটির একটি ওয়ালমার্ট সুপারমার্কেটে গতকাল শনিবার (২৬ জুলাই) ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন, নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনার পর একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। নিকটবর্তী মুনসন মেডিক্যাল সেন্টার জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত তিনজনের অস্ত্রোপচার চলছে এবং জরুরি বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে ওয়ালমার্টের পার্কিং লটে একাধিক পুলিশ ও অ্যাম্বুল্যান্স ইউনিটকে দেখা গেছে।
গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি শেরিফ অফিস জানায়, এই ‘একাধিক ছুরিকাঘাতের’ ঘটনা বর্তমানে তদন্তাধীন। শেরিফ মাইকেল শিয়া বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তি মিশিগানেরই বাসিন্দা এবং একটি ভাঁজ করা ছুরি জাতীয় অস্ত্র ব্যবহার করেছেন।’ প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘এলোমেলো সহিংসতা’ বলে মনে করা হচ্ছে।
এফবিআইয়ের সহকারী পরিচালক ড্যান বোঙ্গিনো জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় ফেডারেল সংস্থাও কাজ করছে।
মিশিগান রাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং ঘটনায় আহত ব্যক্তি ও স্থানীয় জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।