সিল্কসিটিনিউজ ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুর আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের এসপি মিরাজউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, মিরু যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সব এয়ারপোর্ট ও স্থল বন্দরে বার্তা পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সংঘর্ষের সময় সমকাল উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে আহত হন। পরের দিন দুপুরে বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনার পর থেকে মিরু গা ঢাকা দেন। পরে সাংবাদিক ও আহত ছাত্রনেতার স্বজনদের পক্ষ থেকে দায়ের করা পৃথক মামলায় আজ রবিবার উপজেলা আওয়ামী লীগের সদস্য কে. এম নাসির উদ্দিনসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এছাড়া আজ মিরু ও নাসিরকে দল থেকে বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগ থেকে সুপারিশ করা হয়েছে।
সূত্র: বাংলাট্রিবিউন









