প্রশ্ন : আমি যে কম্পানিতে কাজ করি সেই কম্পানির বস আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি প্রতি মাসে তাঁদের টার্গেট অনুযায়ী বিক্রি হয়, তাহলে আমাদের ‘সেল বোনাস’ দেবেন। বেতন দেওয়ার পাঁচ দিন আগে বস আমাদের দোকানে আসেন এবং বলেন, এ মাসে আমাদের টার্গেট থেকে ১০ পার্সেন্ট বেশি বিক্রি হয়েছে। আজকে আমাদের বেতন দিয়েছেন, কিন্তু তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী ‘সেল বোনাস’ দেননি। এখন প্রশ্ন হলো, আমি কি সেল বোনাসের সেই টার্গেট সমপরিমাণ পণ্য নিজ থেকে ভোগ করতে পারব? যেহেতু তিনি কথা দিয়ে কথা রাখেননি, তাই আমি নিজে থেকে আমার বোনাসের অংশটা নিয়ে নিতে চাই।
এতে ইসলাম কী বলে? এটা কি আমার জন্য হালাল হবে? দয়া করে জানাবেন।-মো. মিশর পাঠান, মালয়েশিয়া
উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য এখন পর্যন্ত প্রতিশ্রুত বোনাসের মালিকানা বা অধিকার কোনোটি সাব্যস্ত হয়নি, তাই বসের অজান্তে তাঁর অনুমতি ছাড়া কম্পানির সম্পদ থেকে উক্ত বোনাসের সমপরিমাণ পণ্য ভোগ করা বা গ্রহণ করা আপনার জন্য হালাল হবে না। হ্যাঁ, আপনি বসকে তাঁর প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিশ্রুতি পূরণের দাবি করতে পারেন। (মুসনাদে আহমদ : ৩৪/৫৬১, রাদ্দুল মুহতার : ৪/৬১, মিরকাতুল মাফাতিহ : ৯/১১৪)।