সিল্কসিটিনিউজ ডেস্ক :
অবৈধ ক্রীড়া বাজি ও কারচুপির মাধ্যমে তাস খেলা আয়োজনের অভিযোগে যুক্তরাষ্ট্রে ৩০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে রয়েছেন এনবিএ ক্লাব পোর্টল্যান্ড ট্রেইল ব্লেজার্সের প্রধান কোচ শনসি বিলাপস এবং মায়ামি হিটের গার্ড টেরি রোজিয়ার।
কর্মকর্তারা জানিয়েছেন, এসব কার্যক্রমের পেছনে যুক্তরাষ্ট্রের ‘মাফিয়া নেটওয়ার্ক’-এর সমর্থন ছিল।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জোসেফ নোচেলা জুনিয়র বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, দুটি বড় মামলা তদন্তের আওতায় এসেছে—একটি অবৈধ ক্রীড়া বাজি সংক্রান্ত এবং অন্যটি মাফিয়া-সমর্থিত কারচুপিপূর্ণ তাস খেলা সংক্রান্ত। এ সময় তার সঙ্গে ছিলেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল।
নোচেলা বলেন, প্রথম মামলায় ছয়জন আসামিকে অভিযুক্ত করা হয়েছে, যারা এনবিএ খেলোয়াড় ও দলের গোপন তথ্য ব্যবহার করে বাজি ধরার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। তিনি এটিকে ‘যুক্তরাষ্ট্রে অনলাইন ক্রীড়া বাজি বৈধ হওয়ার পর সবচেয়ে সাহসী দুর্নীতি-চক্রগুলোর একটি’ বলে উল্লেখ করেন।
দ্বিতীয় মামলায় ৩১ জন আসামি রয়েছে, যারা নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ পোকার খেলায় কারচুপি করে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। এদের মধ্যে কয়েকজন সাবেক পেশাদার ক্রীড়াবিদও রয়েছেন, যারা প্রযুক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে ঠকিয়েছেন বলে তদন্তে জানা গেছে।
খেলোয়াড়দের ‘ইচ্ছাকৃত পারফরম্যান্স পরিবর্তনের’ অভিযোগ
নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ জানান, ক্রীড়া বাজি মামলায় জড়িত খেলোয়াড়রা কখনো ইচ্ছাকৃতভাবে মাঠে নিজেদের পারফরম্যান্স পরিবর্তন করেছেন বা আগেভাগে খেলা থেকে সরে গেছেন।
উদাহরণ হিসেবে তিনি বলেন, টেরি রোজিয়ার একবার চার্লট হর্নেটসের হয়ে খেলার সময় সহখেলোয়াড়দের জানিয়েছিলেন যে তিনি ‘আঘাত পাওয়ার অজুহাতে’ মাঠ ছাড়বেন। এরপর তার সহযোগীরা আগেভাগে বাজি ধরে হাজার হাজার ডলার লাভ করে।
অভিযোগপত্রে বলা হয়েছে, রোজিয়ার ও অন্য অভিযুক্তরা ‘এনবিএ খেলোয়াড় বা কোচদের গোপন তথ্যের অ্যাক্সেস’ পেয়েছিলেন, যা ম্যাচের ফলাফল বা খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারত। তারা এই তথ্য বিনিময়ের মাধ্যমে নগদ অর্থ বা বাজির লাভের অংশ পেতেন।
এনবিএর অভ্যন্তরীণ তদন্ত
এনবিএ এই ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি। লিগটি রোজিয়ারের বিরুদ্ধে পূর্বেও তদন্ত করেছিল এবং এখন সাবেক ডেট্রয়েট খেলোয়াড় মালিক বিসলির কার্যকলাপও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
রোজিয়ারকে বৃহস্পতিবার সকালে ফ্লোরিডার অরল্যান্ডো থেকে আটক করা হয়। আগের রাতে মায়ামি হিট ও অরল্যান্ডো ম্যাজিকের মৌসুমের উদ্বোধনী ম্যাচে তিনি ইউনিফর্মে থাকলেও মাঠে নামেননি।
রোজিয়ারের আইনজীবী জিম ট্রাস্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। ট্রাস্টি গত বছর ইএসপিএনকে জানিয়েছিলেন, প্রাথমিক তদন্তে রোজিয়ারের কোনো অপরাধ প্রমাণিত হয়নি। বিলাপসের প্রতিক্রিয়াও এখনো পাওয়া যায়নি।
বিলাপসের উজ্জ্বল ক্যারিয়ার এখন প্রশ্নের মুখে
বিলাপসকে গত বছর বাস্কেটবল হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। পাঁচবার অল-স্টার ও তিনবার অল-এনবিএ নির্বাচিত এই গার্ড ২০০৪ সালে ডেট্রয়েট পিস্টন্সকে এনবিএ শিরোপা এনে দেন এবং ফাইনাল এমভিপি হন। ‘মি. বিগ শট’ নামে পরিচিত বিলাপস ১৯৯৭ সালে বোস্টনের হয়ে এনবিএ ক্যারিয়ার শুরু করেন এবং পরবর্তী সময়ে টরন্টো, ডেনভার, মিনেসোটা, নিউইয়র্ক নিকস ও লস অ্যাঞ্জেলেস ক্লিপারসের হয়ে খেলেন।
বর্তমানে ৪৯ বছর বয়সি এই কোচ পঞ্চম মৌসুমে পোর্টল্যান্ডের দায়িত্বে আছেন। বুধবার রাতে মৌসুমের উদ্বোধনী ম্যাচে তাঁর দল ১১৮–১১৪ পয়েন্টে মিনেসোটার কাছে হারে।
রোজিয়ারের ‘সন্দেহজনক’ ম্যাচ
তদন্তে একটি নির্দিষ্ট ম্যাচকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে—২০২৩ সালের ২৩ মার্চ চার্লট হর্নেটস ও নিউ অরলিন্স পেলিক্যান্সের মধ্যে খেলা। ওই ম্যাচে রোজিয়ার প্রথম কোয়ার্টারে মাত্র ৯ মিনিট ৩৬ সেকেন্ড খেলেন এবং এরপর ‘পায়ের চোট’ দেখিয়ে মাঠ ছাড়েন। সেদিন আর খেলেননি এবং মৌসুমের বাকি আটটি ম্যাচও মিস করেন।
খেলাটি চলাকালীন কিছু বাজিকারক অনলাইন প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করেছিলেন, কারণ রোজিয়ার হঠাৎ মাঠ ছাড়ায় তার পরিসংখ্যানসংক্রান্ত প্রপ বেটগুলো (যেখানে খেলোয়াড়ের নির্দিষ্ট পরিসংখ্যানের ওপর বাজি ধরা হয়) ভেস্তে যায়।
অতীতের অনুরূপ ঘটনা
এই মামলা ব্রুকলিনের মার্কিন অ্যাটর্নি অফিস থেকে আনা হয়েছে, যারা এর আগে টরন্টো র্যাপ্টর্সের সাবেক খেলোয়াড় জনটে পোর্টারের মামলা পরিচালনা করেছিল। পোর্টার স্বীকার করেছিলেন যে তিনি ইচ্ছাকৃতভাবে অসুস্থতার অজুহাতে আগেভাগে ম্যাচ ছাড়তেন, যাতে বাজিকারকরা তার পারফরম্যান্সের ওপর বড় অঙ্কে লাভ করতে পারেন।
সূত্র: যুগান্তর










