সিল্কসিটিনিউজ ডেস্ক :
দিনের বেশির ভাগ সময় ল্যাপটপ, মোবাইল বা টিভির পর্দার দিকে তাকিয়ে থাকায় বাড়ছে ‘ডিজিটাল আই স্ট্রেন’। চিকিৎসকদের মতে, এই সমস্যা থেকে দীর্ঘমেয়াদি মাইগ্রেন ও তীব্র মাথাযন্ত্রণা হতে পারে। বিশেষ করে ২০ থেকে ৪০ বছর বয়সীরা এই সমস্যায় বেশি ভুগছেন।
নীল আলোর ঝুঁকি ও ‘হেমিক্রেনিয়া কন্টিনিউয়া’
দীর্ঘক্ষণ ডিজিটাল পর্দার নীল আলো চোখের ওপর পড়লে মস্তিষ্কের ‘হাইপোথ্যালামাস’ অংশে প্রদাহ তৈরি হয়।

এর ফলে মাথার একপাশে টানা ব্যথা হতে পারে, যাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় ‘হেমিক্রেনিয়া কন্টিনিউয়া’। অনেক ক্ষেত্রে সাধারণ ওষুধ বা মলমেও এই ব্যথা সারে না।
বিশেষজ্ঞদের মতে, এই মানসিক ও শারীরিক ক্লান্তি দূর করতে নিয়মিত ‘স্ট্রেস রিলিফ’ ব্যায়াম করা জরুরি। এতে শরীরে আরামদায়ক হরমোন নিঃসরণ হয় এবং ব্যথার উপশম ঘটে।
নিয়মিত নিচের দুটি ব্যায়াম কার্যকর হতে পারে:
ব্রিজ পোজ
নিয়ম: চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে নিন। পায়ের ওপর ভর দিয়ে কোমর ও শরীর উপরের দিকে তুলুন। হাত দুই পাশে সোজা থাকবে। এই অবস্থায় ১০ সেকেন্ড থাকুন।
এভাবে ৩ বার (৩ সেট) করুন।
উত্তনাসন
নিয়ম: সোজা হয়ে দাঁড়িয়ে কোমর থেকে শরীর ঝুঁকিয়ে হাত দিয়ে মাটি স্পর্শ করার চেষ্টা করুন। খেয়াল রাখবেন যেন হাঁটু না ভেঙে যায়। ১০ সেকেন্ড এই অবস্থায় থেকে আবার সোজা হয়ে দাঁড়ান।
সূত্র : আনন্দবাজার









