পাবনা

মাকে মারধরের ভিডিও ভাইরাল : বউ-ছেলেসহ আটক ৫

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

পাবনার সাঁথিয়ায় মাকে মারধরের অভিযোগে ছেলে, ছেলের স্ত্রীসহ ৫ জনকে আটক করা হয়েছে। এর আগে ছেলে ও ছেলের স্ত্রী মিলে মাকে বেদম প্রহার ও নির্যাতন করার একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে সাঁথিয়াসহ সারা দেশে তীব্র ক্ষোভ, প্রতিবাদ, জনরোষের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে রবিবার (৩০ আগস্ট) বিকেলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিকেলে উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ছেলে নজরুল ইসলাম (৪৫), ছেলের স্ত্রী সোনালী খাতুন (৪০), ছেলের শ্যালক মনিরুজ্জামান (৪২), শ্যালিকা ফরিদা খাতুন (৩৮) ও মুরশিদা খাতুন (৩৬)।

ভুক্তভোগী মায়ের নাম মালেকা খাতুন (৭০)। তিনি ওই এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট বিকেলে ভুক্তভোগী মালেকা খাতুনের ছেলে মো. নজরুল ইসলাম (৪০) এবং ছেলের বউ মোছা. সোনালী খাতুন (৩৫) তাকে মারপিট করে।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন। এ বিষয়কে কেন্দ্রে করে রবিবার (৩০ আগস্ট) ৩টার দিকে সোনালীর আপন ছোট ভাই মো. মনিরুজ্জামান এবং আপন দুই বোন মোছা. ফরিদা, মোছা. মুর্শিদা ভুক্তভোগীর বাড়িতে এসে আগের ঘটনার জেরে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ৪০০/৫০০ জন গ্রামবাসী ঘটনাস্থলে এসে তাদেরকে আটক করে মারপিট করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ ও সেনাবাহিনী।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, পুলিশ ও সেনাবাহিনী যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আটকদের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।