সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিশ্ব ইতিহাসে প্রথমবার, শুধু নারীদের নিয়ে মহাকাশ ঘুরে এলো এক বিশেষ দল। জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন-এর ‘নিউ শেপার্ড’ ফ্লাইটে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস থেকে মহাকাশে পাড়ি দেন ছয়জন নারী। মাত্র দশ মিনিট স্থায়ী এ সাবঅরবিটাল যাত্রায় তারা একশ কিলোমিটার উচ্চতায় পৌঁছে কারমান লাইন অতিক্রম করে আনুষ্ঠানিকভাবে মহাকাশে প্রবেশ করেন।
এই ঐতিহাসিক মিশনে ছিলেন পপ তারকা কেটি পেরি, লেখক ও বেজোসের বাগদত্তা লরেন সানচেজ, টিভি হোস্ট গেইল কিং, মানবাধিকার কর্মী আমান্ডা এনগুয়েন, নাসার সাবেক বিজ্ঞানী আয়িশা বোয়ে এবং চলচ্চিত্র নির্মাতা কেরিয়ান ফ্লিন। মিশনের নেতৃত্ব দেন সানচেজ নিজেই।

মহাকাশে পৌঁছেই ওজনহীনতার মুগ্ধতা অনুভব করেন তারা। প্রায় তিন মিনিট ধরে ভেসে বেড়ান মহাশূন্যে, পৃথিবীকে দেখেছেন এক নতুন দৃষ্টিকোণ থেকে। বড় জানালা দিয়ে পৃথিবীর অপূর্ব দৃশ্য দেখে আবেগে আপ্লুত হন অনেকে। ক্যাপসুলটি অবতরণের সময় তিনটি প্যারাসুট ব্যবহার করে নিরাপদে ফিরে আসে পৃথিবীতে।
উৎক্ষেপণের মুহূর্তেই কেটি পেরিকে গান গাইতে দেখা যায়, যেন মহাকাশ ভ্রমণের উৎসব শুরু হয় সংগীত দিয়ে। কেটি জানান, ‘২০ বছর ধরে মহাকাশে যাওয়ার স্বপ্ন ছিল আমার। ডাক পাওয়ার পর এক মুহূর্তও ভাবিনি-হ্যাঁ বলেছি।’
তবে গেইল কিং-এর জন্য সিদ্ধান্তটি সহজ ছিল না। সিবিএস মর্নিংস-এর সহ-হোস্ট হিসাবে তিনি বলেন, ‘আমি ভয় পেয়েছিলাম। কিন্তু জানতাম, ইতিহাসের অংশ হতে চাই।’
এ মিশনে অংশ নিয়ে তাদের প্রত্যেকেই মহাকাশের এক অনন্য অভিজ্ঞতা অর্জন করলেন, যদিও মার্কিন এভিয়েশন প্রশাসন (FAA) বা নাসা তাদেরকে ‘নভোচারী’ হিসাবে স্বীকৃতি দেবে না, যেহেতু প্রয়োজনীয় প্রশিক্ষণ ও যোগ্যতা তারা পূরণ করেননি।
এ মিশনের লক্ষ্য ছিল, ‘মহাকাশে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা।’ লরেন সানচেজ বলেন, ‘এই অভিজ্ঞতা জীবন বদলে দেয়।’ বেজোস নিজেও বলেন, ‘এ সফরের পর তুমি আর আগের মতো থাকবে না।’ ‘এনএস-৩১’ নামে পরিচিত এ ফ্লাইটটি ব্লু অরিজিনের নিউ শেপার্ড প্রোগ্রামের সর্বশেষ সংযোজন। এর মধ্য দিয়ে কোম্পানিটি মোট ৫২ জনকে মহাকাশে নিয়ে গেল, যার মধ্যে বেজোস নিজেও ছিলেন ২০২১ সালের প্রথম যাত্রায়।
নারী শক্তির এ নতুন অধ্যায় ভবিষ্যতের মহাকাশ অভিযানকে আরও বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে নিঃসন্দেহে।
সূত্র: যুগান্তর










