চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ আসর উপজেলা বিএনপির উদ্যোগে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে এই গায়েবানা জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা তাজামুল ইসলাম। এতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।জানাজায় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, বিএনপি নেতা আল হেলাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা সামসুজ্জামান আলকেশ, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য গোলাম কবির গোলাপ এবং ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি সালাহউদ্দিন সোহাগ। এছাড়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী, জামায়াত, শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই জানাজায় শরিক হন। জানাজা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।









