সিল্কসিটিনিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২ আগস্ট) রাতের এ ভূমিকম্প রিখটার স্কেলে ৩ মাত্রার ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ভূমিকম্পের উৎপত্তি ছিল নিউজার্সির শহরতলির হাসব্রুক হাইটসে—যা নিউ ইয়র্কের বিখ্যাত সেন্ট্রাল পার্ক থেকে প্রায় ১৩ কিলোমিটার পশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে। যদিও ভূমিকম্পটি খুব বেশি শক্তিশালী ছিল না, তারপরও নিউ ইয়র্ক ও আশপাশের এলাকায় অনেকেই এটি অনুভব করেছেন।

নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকার এক বাসিন্দা জানান, এটি ছিল খুবই স্বল্পস্থায়ী একটি কম্পন, যা এক মুহূর্তের জন্য হালকা ঝাঁকুনি দিয়েছিল। তবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনার ঝড়। কেউ কেউ নিজের অভিজ্ঞতা জানাতে পোস্ট করেন।
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকেও দেওয়া হয় পোস্ট। তাতে লেখা হয়, ‘আমি ভালো আছি।’
চলতি বছরের শুরুর দিকে, ২০২৪ সালের এপ্রিল মাসে, নিউজার্সির টেক্সবারি শহরের কাছে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সে তুলনায় এবারকার ভূমিকম্পটি ছিল অনেক মৃদু।










