জাতীয়

ভারি বৃষ্টি-উজানের ঢল তিস্তায় পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপরে

নিউজ ডেস্ক৫ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। এতে নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টায় তিস্তার পানি সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৩ সেন্টিমিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। ফলে পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এর আগে একই দিন সকাল ৬টা ও ৯টায় তিস্তার পানি সমতল ছিল ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। দুই ঘণ্টার ব্যবধানে পানি পাঁচ সেন্টিমিটার কমে যায়।

তিস্তার পানি বাড়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এ ছাড়া জলঢাকা উপজেলার গোলমুণ্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলেও পানি ঢুকছে।

তবে এখন পর্যন্ত কোনো বাড়িঘরে পানি ঢোকেনি বলে জানা গেছে।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, তিস্তার পানি বেড়ে ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’