সিল্কসিটিনিউজ ডেস্ক:

কালাস বলেন, ‘আমরা শক্তভাবে দাঁড়িয়েছি। ইইউ রাশিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী নিষেধাজ্ঞা প্যাকেজগুলোর একটি অনুমোদন করেছে।’
তিনি বলেন, ‘আমরা ক্রেমলিনের যুদ্ধ বাজেট আরও কমাচ্ছি। আরও ১০৫টি ছায়া নৌবহর জাহাজ, তাদের সহায়তাকারী জাহাজের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি। রুশ ব্যাংকগুলোর তহবিলের সহজলভ্যতা সীমিত করছি।’ ঘোষিত প্যাকেজে নর্ড স্ট্রিম পাইপলাইনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
২০২২ সালের ডিসেম্বরে জি-৭ দেশগুলো রুশ তেলের ওপর ব্যারালপ্রতি ৬০ ডলার মূল্যসীমা আরোপ করে। বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ায় বর্তমান ৬০ ডলার মূল্যসীমা প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়ায় ইইউ ও ব্রিটেন তা কমানোর চাপ দিচ্ছিল। কালাস নতুন মূল্যসীমা নির্দিষ্ট করে জানাননি। তবে প্রাথমিকভাবে এটি ৪৫ ডলার থেকে ৫০ ডলারের মধ্যে নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে।
নতুন মূল্যসীমায় ভারতের মতো আমদানিকারক দেশ লাভবান হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রোষানলে পড়ার ঝুঁকিও রয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যেসব দেশ রুশ পণ্য কিনছে, আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে ওই দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা বা উচ্চ শুল্ক আরোপ করা হবে।
শুক্রবার ইউরোপের এ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় মস্কো বলেছে, ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার প্রভাব গুরুত্বহীন। এ নিষেধাজ্ঞা অবৈধ। এ পদক্ষেপের উল্টো প্রভাব পড়বে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এএফপিকে বলেন, ‘আমরা অবশ্যই নতুন প্যাকেজের প্রভাব কমানোর বিষয়টি বিশ্লেষণ করব। কিন্তু প্রতিটি নতুন প্যাকেজ তাদের সঙ্গে যোগদানকারী দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব বাড়ায়।’
রাশিয়া পশ্চিমাদের নিষেধাজ্ঞার মাধ্যমে তার অর্থনীতিকে পঙ্গু করার প্রচেষ্টাকে মূলত অস্বীকার করেছে। পেসকভ বলেন, ‘আমরা ইতোমধ্যে নিষেধাজ্ঞার প্রতি একটি নির্দিষ্ট অনাক্রম্যতা তৈরি করেছি। আমরা নিষেধাজ্ঞার অধীনে জীবনযাপনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি।’










