সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ভারতে অস্ত্রোপচারের পর বুকে গজ, বের করতে ফের অর্থ দাবি

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
ভারতে অস্ত্রোপচারের পর বুকে গজ, বের করতে ফের অর্থ দাবি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতে একটি হাসপাতালে এক গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। অস্ত্রোপচারের পর রোগীর বুকের ভেতরে গজ রয়ে গিয়েছিল। শুধু তা-ই নয়, সেই গজ বের করে দিতে রোগীর পরিবারের কাছে নতুন করে অর্থ দাবি করা হয়েছে। পরে অন্য হাসপাতালে আবার অস্ত্রোপচার করে ওই গজ বের করা হয়।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অভিযোগটি উঠেছে কলকাতার মেডিকা হাসপাতালের বিরুদ্ধে। সেখানে অস্ত্রোপচারের সময় রোগীর বুকের ভেতরেই গজ রয়ে গিয়েছিল। পরে এসএসকেএম হাসপাতালে আবার অস্ত্রোপচার করে ওই গজ বের করা হয়।

এই ঘটনায় রোগীর পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন। মেডিকা কর্তৃপক্ষকেই এই অর্থ দিতে হবে।
স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম কুমার বন্দ্যোপাধ্যায় গণমাধ্যমটিকে জানিয়েছেন, গত বছরের আগস্ট মাসে হাসপাতালের গাফিলতিসংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল। সেই অনুযায়ী ২৯ আগস্ট প্রথম শুনানি হয় স্বাস্থ্য কমিশনে।

রোগীর অভিযোগ ছিল, মেডিকায় অস্ত্রোপচারের পর তার বুকে সমস্যা থেকে যায়। হাসপাতালে তা জানানো হলেও তার অভিযোগকে প্রথমে গুরুত্বই দেননি কর্তৃপক্ষ। পরে রোগীর বুকের এক্স-রে করে দেখা যায়, সেখানে একটি গজ রয়ে গেছে। তার পরও কর্তৃপক্ষ অসহযোগিতা করে বলে রোগী জানিয়েছেন।
রোগীর অভিযোগ, হাসপাতাল থেকে তাকে জানানো হয়, গজ সরাতে আরো একবার অস্ত্রোপচারের প্রয়োজন।

কিন্তু তার খরচ বহন করতে হবে রোগীর পরিবারকেই। সরকারি স্কিম বা কোনো ইনস্যুরেন্সের সুবিধা এ ক্ষেত্রে পাওয়া যাবে না বলেও তাদের জানানো হয়। রোগীর পরিবার এতে রাজি হয়নি।
রোগীর পরিবারের দাবি, হাসপাতালের গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাই পরের অস্ত্রোপচারটি বিনা মূল্যে করতে হবে। এরপর তারা এসএসকেএম হাসপাতালে যান এবং সেখানে অস্ত্রোপচার হয়। রোগী আপাতত সুস্থ আছেন।

অসীম কুমার বলেন, ‘এই ঘটনায় আমরা মেডিকাকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে বলেছি। এই ধরনের ভুল হতেই পারে। কারণ সবাই মানুষ। তবে চিকিৎসকদের আরো সতর্ক হওয়া উচিত ছিল।’

রোগীর পরিবার এক কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছিল। কিন্তু সেই দাবি যুক্তিগ্রাহ্য বলে মনে হয়নি কমিশনের। ২৯ আগস্ট ও ২৯ নভেম্বর—দুই দিন এসংক্রান্ত শুনানির পর মেডিকাকে জরিমানা দিতে বলা হয়েছে।

মেডিকা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, এই ধরনের নির্দেশ হয়েছে বলে তারা শুনেছে। কিন্তু নির্দেশের কপি হাতে পায়নি। ওইসংক্রান্ত নথি দেখে এ বিষয়ে মন্তব্য করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

সূত্র: কালের কণ্ঠ