সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির সঙ্গে মোদির জরুরি বৈঠক

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া
ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির সঙ্গে মোদির জরুরি বৈঠক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) জরুরি বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ছয়টায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠক শুরু হয়।

সিসিএস-এর অন্যতম সদস্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র-পেরু সফর কাটছাঁট করে ভারতে ফিরেছেন। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের হত্যার ঘটনার পরবর্তী পদক্ষেপের বিষয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির নেতৃত্বে রয়েছেন নরেন্দ্র মোদি। এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন এ কমিটিতে।

তিন বাহিনীর প্রধানরা এবং গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে থাকতে পারেন বলে জানিয়েছে ভারতীয় কিছু গণমাধ্যম।

পেহেলগামের হত্যাকাণ্ডের খবর পেয়ে সৌদি আরব সফরে কাটছাঁট করে ভারতে ফেরেন মোদি। নয়াদিল্লিতে পৌঁছেই জাতীয় নিরাপত্তা দোভাল এবং জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথও আলাদা করে দোভালের সঙ্গে একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল এপি সিং এবং অন্য কর্তারা। সূত্রের খবর, কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

মঙ্গলবার পেহেলগামে বন্দুক হামলায় অন্তত ২৬ জনের মৃত্যুর পর থেকেই ক্ষোভে ফুঁসছে ভারত। মোদি বলেছেন,  হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

 

সূত্র: যুগান্তর