সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের বাজারে স্থানীয়ভাবে তৈরি ফোন সরবরাহ বেড়েছে কয়েকগুণ। বলা যায় পুরো বাজারটাই এখন স্থানীয়ভাবে তৈরি ফোনের। ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে দেশটিতে ৯৪ শতাংশ ফোন স্থানীয়ভাবে তৈরি।
সাইবার মিডিয়া রিসার্চ (সিএমআর) নামের এক বাজার গবেষণা প্রতিষ্ঠান এই হিসাব দিয়েছে। ‘ইন্ডিয়া মোবাইল হ্যান্ডসেট মার্কেট রিভিউ রিপোর্ট’ নামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় প্রান্তিকে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় মোবাইল হ্যান্ডসেট বাজার নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর শুধু স্মার্টফোনের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ২৯ শতাংশ।

এই সময়ে ফিচার ফোনের সরবরাহ পরিমাণ বেড়েছে ২৪ শতাংশ। অন্যদিকে ফিউশন ফোনের সরবরাহ ৪১ শতাংশ কমে গেছে।
সিএমআরের হেড-ইন্ডাস্ট্রি ইনটেলিজেন্স প্রাভু রাম বলেন, ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ভারতের স্থানীয় ফোন নির্মাতারা।
ভারতে উচ্চ প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে অক্টোবরে আকর্ষণীয় ডিসকাউন্ট, বাই ব্যাক অফার ও কিস্তির সুবিধার কারণে অনলাইন বিক্রি অনেক বেড়েছে বলেও জানাচ্ছে প্রতিষ্ঠানটি।









