সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
কলকাতার ইডেন গার্ডেনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। রোববার বিকেলে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
দারুণ উদ্বোধনী জুটির পর শেষ দিকে বেন স্টোকস ব্যাট হাতে ঝড় তোলেন। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। শেষ ম্যাচে জয়ের জন্য ভারতকে করতে হবে ৩২২ রান। এই ম্যাচে ভারত জয় পেলে ওয়ানডে সিরিজে ইংল্যান্ড হোয়াইটওয়াশ হবে। আর ইংল্যান্ড জয় পেলে অন্তত একটি জয় নিয়ে বাড়ি ফিরতে পারবে তারা।

ইংল্যান্ডের ইনিংসে জ্যাসন রয় সর্বোচ্চ ৬৫ রান করেন। ৩৯ বলে ৪টি চার ও ২টি ছক্কার সমন্বয়ে অপরাজিত ৫৭ রান করেন বেন স্টোকস। ৫৬ রান করেন জনি বেয়ারস্টো। এ ছাড়া ইয়ান মরগান ৪৩ ও স্যাম বিলিংস ৩৫ রান করেন। ৩৪ রান আসে ক্রিস ওয়াকসের ব্যাট থেকে।
বল হাতে ভারতের হার্দিক পান্ডিয়া ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
সূত্র: রাইজিংবিডি










