খেলা

ভারতকে গুঁড়িয়ে ব্রেট লিকে ছাড়িয়েছেন লিওন

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

টেস্টে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অফস্পিনার নাথান লিওন। ছাড়িয়ে গেছেন স্বদেশী পেস আইকন ব্রেট লির ৫৩ উইকেটের রেকর্ড।

 

শনিবার (৪ মার্চ) বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে লিওনের স্পিন ঘূর্ণিতে নাকাল হয় স্বাগতিকরা। একাই আট উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন ২৯ বছর বয়সী এ ডানহাতি বোলার। ১৮৯ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝে ৯০ রানের লড়াকু ইনিংস উপহার দেন ওপেনার লোকেশ রাহুল।

 

ডেভিড ওয়ার্নারের ক্যাচ বানিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে (৭) ফেরানোর মধ্য দিয়ে ব্রেট লিকে টপকে যান লিওন। দলীয় ১৭৪ রানে ছয় উইকেট হারায় হোম টিম। বাকি চারটি উইকেটও যায় তার দখলে।

বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে একাই আট উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন নাথান লিওন/ছবি: সংগৃহীতশুধু তাই নয়, ভারতের মাটিতে সফরকারী বোলারের এটাই সেরা বোলিং ফিগার। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনারের। ১৯৯৬ সালের নভেম্বরে কলকাতা টেস্টে তিনি সমান আটটি উইকেট নিতে ৬৪ রান দিয়েছিলেন।

 

২২.২ ওভারে চার মেডেনে ৫০ রান খরচায় আট উইকেট দখল করেন লিওন। একে একে সাজঘরে পাঠান চেতশ্বর পুজারা (১৭), বিরাট কোহলি (১২), অজিঙ্কা রাহানে (১৭), অশ্বিন, ঋদ্ধিমান সাহা (১), রবিন্দ্র জাদেজা (৩), লোকেশ রাহুল ও ইশান্ত শর্মাকে (০)।

 

পুনে টেস্টে ১২ উইকেট নিয়ে নায়কের আসনে বসেছিলেন ম্যাচ সেরা বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফ। ভারত দুই ইনিংস মিলিয়ে করে মাত্র ২১২ (১০৫ ও ১০৭)। ভারতের মাটিতে টানা সাতটি টেস্ট হারের পর ৩৩৩ রানের উড়ন্ত জয়ে বাঁধভাঙা উল্লাসে মাতে অজিরা। চার ম্যাচ সিরিজে লিড নেয় ১-০ তে। ও’কিফের পর এবার বিরাট কোহলিদের সামনে মূর্তিমান আতঙ্কের নাম নাথান লিওন!

সূত্র: বাংলা নিউজ