নাটোর

বড়াইগ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, বৃদ্ধকে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এদিকে ধর্ষণের পর মুসা আলী (৬০) নামের এক বৃদ্ধ পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে গণধোলাই দেয়। পরে পুলিশ  এসে আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

 

সোমবার দুপুর আড়াইটার দিকে বড়াইগ্রাম উপজেলার কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষিত শিশুটি বাড়ির পাশে একটি কিন্ডার গার্টেনের নার্সারী শ্রেণীর ছাত্রী।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল সিল্কসিটি নিউজকে জানান, উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমোহন গ্রামের মৃত ইয়াসিন আলীর পুত্র মুসা আলী দূর সম্পর্কের আত্মীয়তার পরিচয় ধরে দুপুরে শিশুটির বাড়িতে যায়। এসময় শিশুটির মা মুড়ি ভাজছিলো। মুড়ি খেতে খেতে নাতি সম্বোধন করে শিশুটিকে সঙ্গে নিয়ে পাশের জহুরুলের বাড়িতে নিয়ে যায়।  এসময় ওই বাড়ির লোকজন কেউ বাড়িতে ছিলো না। লম্পট বৃদ্ধ শিশুটিকে একটি ঘরে নিয়ে গিয়ে মুখ চেপে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশে-পাশের মানুষ এগিয়ে আসলে লম্পট বৃদ্ধ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লোকজন ধাওয়া করে ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এবিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান সিল্কসিটি নিউজকে জানান, ধর্ষণের শিকার শিশুটি ও গণধোলাইয়ের শিকার ধর্ষক মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।

স/অ