আন্তর্জাতিক

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে আততায়ীর হামলা, নারী নিহত

নিউজ ডেস্ক২২ মার্চ ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে এক আততায়ীর হামলায় এক নারী নিহত হয়েছে। এছাড়া তার ছুরিকাঘাতে আহত হয়েছে এক পুলিশ সদস্য। বুধবার হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে এ হামলার ঘটনা ঘটেছে । পুলিশের গুলিতে আহত হয়েছে ওই হামলাকারী।

বিবিসি জানিয়েছে, ওই আততায়ী ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে আসার সময় কয়েকজন পদচারীকে চাপা দেয়। পরে তার গাড়িটি হাউস অব কমন্সের সীমানা ঘেঁষা রেলিংয়ে আঘাত হানে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজে কমপক্ষে ১২জন আহত লোককে পড়ে থাকতে দেখা গেছে। হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। হামলার পরপর হাউস অব কমন্সের অধিবেশন স্থগিত করা হয়েছে। পার্লামেন্ট সদস্যদের নিজ নিজ কার্যালয়ে থাকতে বলা হয়েছে। এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে লন্ডন পুলিশ।

প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী থেরেসা মে নিরাপদে আছেন। তবে হামলার সময় প্রধানমন্ত্রী কোথায় ছিলেন তা জানানো হয়নি।

হাউস অব কমন্সের নেতা ডেভিড লিডিংটন জানিয়েছেন, যে হামলাকারী এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছিল পুলিশের গুলিতে সে আহত হয়েছে।

কয়েকজন আইনপ্রণেতা জানিয়েছেন, তারা তিন অথবা চারটি গুলির শব্দ পেয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের রাজনৈতিক বিষয়ক সম্পাদক টম পিক টুইটারে লিখেছেন, ‘বিকট বিস্ফোরণের আওয়াজ, চিৎকার, গোলমাল। এরপরই গুলির আওয়াজ। চারদিকে সশস্ত্র পুলিশ।’

সূত্র: রাইজিংবিডি