সিল্কসিটিনিউজ ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিকেল নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মিন্দার আলী (ছোট গোষ্ঠী) গোষ্ঠীর জুবায়েরের সঙ্গে বাদৈর বাড়ি (বড় গোষ্ঠির) জয়নাল মিয়ার একটি দোকানের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। দোকানটি ছোট গোষ্ঠীর শিরু মিয়া পরিচালনা করে আসছিলেন।

গ্রাম্য সালিশে দোকানটি উচ্ছেদের জন্য সিদ্ধান্ত। এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ২০ জনের মতো আহত হন।
পুলিশ আসার পর তাদের ওপরও আক্রমণের চেষ্টা করা হয়। আহতদের কয়েকজন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন।
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি বিবেচনায় সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। কোনো পক্ষের অভিযোগ পেলে সে অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









