সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাঁচ ম্যাচ সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে ২৫০ রান তাড়া করে সহজে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। বড় স্কোর করেও এমন হারে রাচির পিচকে দুষলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।
তিনি বলেছেন, সাদা বলের ক্রিকেটে ব্যাট ও বলের মধ্যে আরো ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা তৈরি জরুরি।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, ‘বোলারদের জন্য কোনো সাহায্য না থাকা এমন পিচগুলোতে তাদের ক্রিকেট ক্যারিয়ার ঝুঁকির মধ্যে পড়ছে।’ আর এমন মন্তব্য গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো করলেন ভারতীয় দলের প্রধান কোচ।

রাঁচির ছোট মাঠ, ফ্ল্যাট উইকেট এবং শিশিরের কারণে বোলাররা চরম অসহায়ত্বের শিকার হন, যার ফলে পুরো ম্যাচে মোট ৫০১ রান এবং ৩৮.৩ ওভারে ৩৩টি ছক্কা হয়।
এর মাত্র কিছুদিন আগেই গুয়াহাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের ৪০৬ রান তাড়া করে অনায়াসে ম্যাচ জিতে নেওয়ার পরও গম্ভীর একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছিলেন।
বোলারদের অস্তিত্ব রক্ষায় ক্রিকেট পিচগুলোতে ব্যাটারদের পাশাপাশি বোলারদের জন্যও সমান সুযোগ রাখার দাবি জানান তিনি।
আপনারা কি একটা ভালো ব্যাট-বলের লড়াই চান না প্রশ্ন ছুড়ে দিয়ে গম্ভীর আরো বলেন, ‘আপনারা যা দেখতে চান, আমরাও তাই দেখতে চাই। আমরাও একটা সমানে সমানে লড়াই দেখতে চাই।
’
বোলারদের ক্যারিয়ার ঝুঁকির মুখে, এই ড্রেসিংরুমে বসার জন্য তারা কঠোর পরিশ্রম করেছে। প্রতিযোগিতাটা যদি সমানে সমানে হয়, তবে আমরা আরো ভালো ক্রিকেট খেলা দেখতে পাব বলে যোগ করেন ভারতীয় কোচ।










